খবরাখবরস্বাস্থ্য
ট্রেন্ডিং

কোটায় উর্ত্তীণ ১৯৩ জনের সনদ যাচাই হচ্ছে

মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তান কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের সনদ যাচাই বাছাই করে অনলাইনে আপডেট করা হবে।

সোমবার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রুবিনা ইসলাম।

১৯৩ জনের কাগজপত্র যাচাই করতে এক কমিটি করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ২৭-২৯ জানুয়ারি তারা সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসবে। মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া অন্য কেউ এই তালিকায় আছে কিনা তা যাচাই করা হবে। এমন কেউ থাকলে তার তালিকায় স্থান পাওয়ার সুযোগ নেই।

এর আগে রোববার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৩৭২ জন নির্বাচিত হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার ১৯৩ জনের নাম রয়েছে, যাদের মধ্যে কম নম্বর পেয়েও অনেকে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন বলে প্রশ্ন উঠেছে।

প্রকাশিত ফলকে ‘বৈষম্যমূলক’ দাবি করে ফল বাতিল চেয়ে রোববার রাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী।

Back to top button