News

২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন

দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতা ও সহিংসতায় গত ২২ দিনে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের স্থাপনা ও গাড়িতেও হামলা চালানো হয়। এসব ঘটনায় দায়েরকৃত ৫২টি মামলায় এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

Advertisement

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এসব নাশকতার ঘটনা ঘটে। এ সময়ে পুলিশের ৪টি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া পুলিশের ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের ৩টি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটি গাড়িও ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২২ দিনে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জননিরাপত্তার পাশাপাশি যানবাহন চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আরো পড়ুন

এ সময়ের নাশকতার ঘটনায় ৫২টি মামলা দায়েরের পাশাপাশি ৮০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত, নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের উৎস উদ্‌ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কতটা ফলপ্রসূ হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, দ্রুততম সময়ে রেসপন্স করা ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোন ধরনের সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

source: Asia Post

Back to top button