শতাধিক কলেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষাবোর্ড, তালিকা প্রকাশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শিক্ষার্থীদের পাসের হার আশঙ্কাজনকভাবে কম হওয়ায় শতাধিক কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। এরই মধ্যে ১ থেকে ১০ শতাংশ শিক্ষার্থী পাস করা ঢাকা বোর্ডের ২২টি কলেজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইভাবে ৩০ শতাংশের কম পাস করা কুমিল্লা বোর্ডের ৮২টি কলেজকে শোকজ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের নিয়ে জরুরি সভাও করেছে বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে জানা গেছে, যেসব বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ১ থেকে ৩০ শতাংশের মধ্যে, সেগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়ার বিষয়ে সম্প্রতি আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকা শিক্ষা বোর্ড ব্যবস্থা নেয়। অন্য বোর্ডগুলোও কম পাসের হার থাকা কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ঢাকা ও কুমিল্লা বোর্ডের নোটিশে প্রত্যাশিতসংখ্যক শিক্ষার্থী পাস না করার কারণ জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে বিগত পাঁচ বছরের ফলাফল, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের নথিপত্রসহ অধ্যক্ষদের সশরীরে হাজির হতে বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি পাঠিয়ে এ নির্দেশনা এড়ানোর সুযোগ নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির স্বাক্ষরিত চিঠিতে ২২টি কলেজের অধ্যক্ষদের আগামী বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্বাক্ষরিত নোটিশে গত ১৯ নভেম্বর ৩০ শতাংশের কম পাস করা ৮২টি কলেজকে কারণ দর্শাতে বলা হয়। পরে ২৪ নভেম্বর বোর্ডের মিলনায়তনে এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে ফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফল করার লিখিত পরিকল্পনা নেওয়া হয়। আগামীতে একই ধরনের ফল হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায় নিতে হবে বলেও সতর্ক করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নামসর্বস্ব প্রতিষ্ঠান, শিক্ষকসংকট, বিশেষ করে ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে দুর্বলতা এবং চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার বাস্তবতা কম পাসের অন্যতম কারণ। তাদের মতে, শুধু নোটিশ বা সভা করে সমস্যার সমাধান হবে না; এর পেছনের কারণ চিহ্নিত করে দীর্ঘমেয়াদি একাডেমিক ও কাঠামোগত সংস্কার প্রয়োজন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, প্রথমে শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। এখন ১০ শতাংশের কম পাস করা কলেজগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যেসব কলেজে ২০ থেকে ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, সেগুলোর বিরুদ্ধেও ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গেও আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক প্রভাব কিংবা ব্যক্তিগত সুনামের কথা বিবেচনা করে পরিকল্পনা ছাড়াই বিভিন্ন স্থানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। বর্তমান মানদণ্ডে এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই টিকে থাকার সক্ষমতা হারাচ্ছে। সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার আওতায় আনার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।
ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ শতাংশের মধ্যে পাসের হার থাকা ২২টি কলেজকে শোকজ করা হয়েছে। এর মধ্যে গুলশানের ক্রাউন কলেজে পাসের হার ৬ দশমিক ৬৭ শতাংশ। পল্লবীর মিরপুর ডেভেলপমেন্ট কমিটি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ এবং খিলক্ষেতের ডুমনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার ১০ শতাংশ।
এ ছাড়া গাজীপুরের জেনুইন রেসিডেন্সিয়াল কলেজে ৭ দশমিক ১৪ শতাংশ; নরসিংদীর ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল হাই স্কুল অ্যান্ড কলেজে ৫ শতাংশ, বাবুরহাট গ্রিন ফিল্ড কলেজে ৯ দশমিক ০৯ শতাংশ এবং পাচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজে ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
মুন্সীগঞ্জের সৈয়দপুর আবদুর রহমান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯ দশমিক ০৯ শতাংশ। মানিকগঞ্জের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ২৬ শতাংশ।
তালিকায় আরও রয়েছে টাঙ্গাইলের পলাশতলী মহাবিদ্যালয় (৮ দশমিক ৫১ শতাংশ), ড. সায়ীদা খান মহিলা কলেজ (১০ শতাংশ) ও ভাওড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৯ দশমিক ০৯ শতাংশ)।
শরীয়তপুরের ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে ৬ দশমিক ৪৫ শতাংশ, গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ৮ দশমিক ৮৯ শতাংশ এবং চিকন্দি শরফ আলী স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৭ দশমিক ১৪ শতাংশ, বেলগাজী আলিমুজ্জমান স্কুল অ্যান্ড কলেজে ৭ দশমিক ৮৪ শতাংশ এবং অঙ্কুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দশমিক ০৩ শতাংশ।
এ ছাড়া গোপালগঞ্জ আইডিয়াল কলেজে ৭ দশমিক ১৪ শতাংশ, কিশোরগঞ্জ মডেল কলেজে ৬ দশমিক ৮২ শতাংশ এবং জারাইতলা স্কুল অ্যান্ড কলেজে ৬ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির বলেন, ১০ শতাংশের কম পাসের হার থাকা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ২০ থেকে ৩০ শতাংশ পাসের হার থাকা কলেজগুলোর ফলাফলও উদ্বেগজনক। এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় শিক্ষার্থী সংগ্রহের এলাকা (ক্যাচমেন্ট এরিয়া) নির্ধারণসহ নীতিগত মানদণ্ড তৈরি করা জরুরি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের গত ১৯ নভেম্বরের নোটিশে ৩০ শতাংশের কম পাস করা ৮২টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। এসব কলেজের মধ্যে সবচেয়ে কম পাসের হার চাঁদপুরের ফরিদগঞ্জের চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে, ১০ শতাংশ।
এ ছাড়া লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে ১০ দশমিক ০৮ শতাংশ, কুমিল্লার মুরাদনগরের বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজে ১১ দশমিক ১১ শতাংশ, লক্ষ্মীপুরের জিল্লুর রহিম কলেজে ১১ দশমিক ৮১ শতাংশ এবং দেবিদ্বারের মোহনপুর পাবলিক কলেজে ১২ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
তালিকায় রামগঞ্জের দল্টা ডিগ্রি কলেজে পাসের হার ২৯ দশমিক ৮৬ শতাংশ, নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজে ২৯ দশমিক ৯০ শতাংশ এবং দেবিদ্বার সরকারি সুজাত আলী কলেজে ২৯ দশমিক ২৩ শতাংশ।
গত ২৪ নভেম্বরের সভায় কলেজগুলোর ফল বিপর্যয়ের কারণ, উত্তরণের উপায় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিগত পাঁচ বছরের ফলাফল ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়। এতে ইংরেজি ও আইসিটি বিষয়ে দুর্বলতাসহ বিভিন্ন ধরনের প্রশাসনিক ও একাডেমিক অব্যবস্থাপনার চিত্র উঠে আসে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া জানান, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আলোচনার পর ৩০ শতাংশের কম পাস করা কলেজগুলোকে সরকারি, বেসরকারি এমপিওভুক্ত ও নন-এমপিও এই তিন ভাগে বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ১৬টি সরকারি ও ৮২টি এমপিওভুক্ত কলেজকে নোটিশ ও সভার আওতায় আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ইংরেজি ও আইসিটি বিষয়ে দুর্বলতা এবং গত পাঁচ বছরের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার বাস্তবতা, নন-এমপিও প্রতিষ্ঠান এবং খুব কমসংখ্যক পরীক্ষার্থী থাকা কলেজগুলোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, এত কমসংখ্যক শিক্ষার্থীর পাসের দায় শুধু শিক্ষার্থীদের ওপর চাপানো যায় না। মনিটরিংয়ের ঘাটতি ও একাডেমিক কাঠামোর ত্রুটিও এর জন্য দায়ী।
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন স্থানে পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান এখন দেশের শিক্ষাব্যবস্থার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেক কলেজে শিক্ষকের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কম। তাই অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর এবং সেখানকার শিক্ষকদের কাছাকাছি অন্যান্য প্রতিষ্ঠানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া উচিত।
source: Asia Post








