News

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করতে গণপূর্ত অধিদফতর ও স্থাপত্য অধিদফতরকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

Advertisement

বুধবার (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার সই করা চিঠিটি গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে আলোচনা হয়।

আরো পড়ুন

পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি এতে সম্মতি দেন। তাই নির্ধারিত তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে আটটির অবস্থাই বেশ নাজুক বলে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। এগুলোর অধিকাংশই ১৯৬০-এর দশকে নির্মিত। জরাজীর্ণ এসব ভবন ভেঙে নতুন করে নির্মাণের বিষয়টি সামনে এলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় সরকার।

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, প্রখ্যাত স্থপতি লুই আই কানের স্থাপত্য ঐতিহ্য বজায় রেখে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রায় ৩০ থেকে ৩৩ লাখ বর্গফুট আয়তনের নতুন সচিবালয় কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ১২ থেকে ১৪ তলাবিশিষ্ট একাধিক ভবন, বেজমেন্ট এবং কয়েক হাজার গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হতে পারে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা।

source: Asia Post

Back to top button