মাদক বিক্রির সময় বাবা-ছেলে আটক, গাঁজা-ইয়াবা জব্দ

মাগুরার মহম্মদপুরে মাদক বিক্রির সময় হাসমত মোল্যা (৪৩) ও তার ছেলে রকিবুল ইসলামকে (২৩) আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪ গ্রাম গাঁজা ও ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দীঘা ইউনিয়নের সিন্দাইন গ্রামের সিন্দাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাসমতের চায়ের দোকানের পাশ থেকে তাদের আটক করা হয়।
হাসমত মোল্যা উপজেলার দীঘা ইউনিয়নের সিন্দাইন গ্রামের আইন উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শাহিদ হোসেনের নেতৃত্বে এসআই রাজ, এএসআই সুজন আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে হাসমত মোল্যার কাছ থেকে ২৪ গ্রাম গাঁজা এবং তার ছেলে রকিবুল ইসলামের কাছ থেকে ছয় পিস ইয়াবা জব্দ করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা দেওয়া হয়েছে। এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
source: Asia Post







