News

ফরিদপুরে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফরিদপুরের সাউদার্ন জেনারেল হাসপাতালে নার্সদের অবহেলা ও দায়িত্বহীনতায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ প্রসূতিকে ট্রলিতে করে অপারেশন থিয়েটারে নেওয়ার অনুরোধ করলেও নার্সরা তা উপেক্ষা করে হেঁটে যেতে বাধ্য করেন বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় নবজাতকের বাবা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। রাত ৮টার দিকে এশিয়া পোস্টের প্রতিনিধি সরেজমিনে হাসপাতালে গিয়ে ভুক্তভোগী পরিবার, সংশ্লিষ্ট চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।

Advertisement

পরিবারের সদস্যদের দাবি, গুরুতর অসুস্থ প্রসূতিকে ট্রলিতে করে অপারেশন থিয়েটারে নেওয়ার অনুরোধ করেন পরিবারের সদস্যরা। কিন্তু নার্সরা তা উপেক্ষা করে হেঁটে যেতে বাধ্য করেন। একপর্যায়ে অপারেশন থিয়েটারের ভেতরে মাথা ঘুরে মেঝেতে পড়ে যান ওই প্রসূতি। পরে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানো হলেও নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন ও রক্ত জমাট দেখতে পাওয়ার দাবিও করেছেন স্বজনেরা।

ভুক্তভোগী প্রসূতি কাকলি আক্তার (৩০) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুসকুনি গ্রামের বাসিন্দা। তার স্বামী ফরহাদ হোসেন।

আরো পড়ুন

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার (২০ নভেম্বর) কাকলি চিকিৎসক স্বপ্না বিশ্বাস জয়ের কাছে পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ নিতে এসেছিলেন। তখন তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোমবার (২৩ নভেম্বর) সিজারের জন্য তাকে সাউদার্ন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ, সোমবার সকাল ৯টার দিকে কাকলিকে হাসপাতালের সপ্তম তলার একটি সাধারণ বেডে ভর্তি করা হয়। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল এবং পানি ভেঙে যাওয়ায় দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল। সকাল ১১টার দিকে তার ইসিজি করা হলে নার্সরা মা ও সন্তান দুজনই সুস্থ আছেন বলে জানান। তবে নির্ধারিত সময়ে চিকিৎসক উপস্থিত না হওয়ায় অপারেশন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রথমে সকাল ১১টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও চিকিৎসক উপস্থিত না থাকায় তা সম্ভব হয়নি। পরে দুপুরের দিকে অপারেশনের সময় নির্ধারণ করা হয়। দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে চিকিৎসক অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। এরপর কাকলিকে অপারেশনের জন্য নেওয়ার প্রস্তুতি শুরু হয়।

এ সময় অসুস্থ কাকলিকে ট্রলিতে করে অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য বারবার অনুরোধ করেন পরিবারের সদস্যরা। কিন্তু দায়িত্বে থাকা দুই নার্স তাদের অনুরোধ উপেক্ষা করে কাকলিকে হেঁটে যাওয়ার কথা বলেন। একপর্যায়ে অসুস্থ অবস্থায় তাকে পায়ে হেঁটেই অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হয়।

কাকলির ভাই সোহেল শেখ অভিযোগ করে বলেন, ‘আমরা বারবার নার্সদের বলেছি, আমার বোনের শারীরিক অবস্থা ভালো না। সে হাঁটতে পারবে না। আপনারা দয়া করে ট্রলিতে করে ওটিতে নিয়ে যান। কিন্তু তারা আমাদের কোনো কথাই শোনেননি। উল্টো বলেছেন, রোগীর তেমন কিছু হয়নি, হেঁটেই যেতে পারবেন। আমরা বোনকে ধরে নিয়ে যাওয়ার কথা বললেও তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।’

কাকলির বোন শিউলি শেখ আক্তারও একই অভিযোগ করেন। তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে আমরা হাসপাতালে এসেছি। এরপর আমার বোনের অবস্থা খারাপ থাকায় নার্সদের বারবার বলেছি, তাকে যেন ট্রলিতে করে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। কিন্তু তারা আমাদের কোনো অনুরোধ রাখেননি। বরং তাকে হেঁটে যেতে বাধ্য করা হয়েছে। পরে সে অপারেশন থিয়েটারের ভেতরে পড়ে যায়।’

শিউলি আরও অভিযোগ করেন, ‘আমার বোন পড়ে যাওয়ার পর তার পেটে প্রচণ্ড আঘাত লাগে বলে আমরা মনে করছি। পরে সিজার শেষে চিকিৎসক জানান, নবজাতকটি মারা গেছে। আমরা শিশুটির মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন ও রক্ত জমাট দেখতে পেয়েছি। মাথার ওপরের অংশেও গুরুতর আঘাত ছিল। একজন মা নয় মাস সন্তানকে গর্ভে ধারণ করার পর সন্তানকে পৃথিবীর আলো দেখার আগেই হারালেন। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? আমরা চাই, এমন ঘটনা যেন আর কোনো মায়ের সঙ্গে না ঘটে।’

এ ঘটনায় কাকলির স্বামী ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে ফরহাদ হোসেন উল্লেখ করেন, তার স্ত্রী কাকলি আক্তার নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং হাসপাতালের চিকিৎসক স্বপ্না বিশ্বাস জয়ের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। স্ত্রীর পানি ভেঙে যাওয়ায় সোমবার সকাল ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসক সময় মতো উপস্থিত না হওয়ায় তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

অভিযোগে আরও বলা হয়, দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে চিকিৎসক অপারেশন থিয়েটারে প্রবেশ করার পর হাসপাতালের অজ্ঞাতনামা দুই নার্স কাকলিকে সেখানে নেওয়ার জন্য আসেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব ছিল না। এ কারণে স্বজনেরা ট্রলিতে করে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু নার্সরা তাদের সঙ্গে অসদাচরণ করেন এবং কাকলিকে হেঁটে যাওয়ার কথা বলেন।

ফরহাদের অভিযোগ, নার্সরা তার স্ত্রীকে জোরপূর্বক হেঁটে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যান। আনুমানিক পাঁচ মিনিট পর নার্সরা এসে জানান, তার স্ত্রী অপারেশন থিয়েটারের ভেতরে মাথা ঘুরে মেঝেতে পড়ে গেছেন। পরে সেখানে গিয়ে স্ত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে অপারেশন থিয়েটারের বেডে নেওয়া হয় এবং অপারেশন করা হয়। অপারেশন শেষে চিকিৎসক নবজাতকের মৃত্যুর বিষয়টি জানান। পরে মৃত সন্তানের মাথায় আঘাতের চিহ্ন ও রক্ত জমাট দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করেন ফরহাদ।

অভিযোগপত্রে হাসপাতালের অব্যবস্থাপনা, নার্সদের দায়িত্বে অবহেলা ও অসচেতনতাকে এ ঘটনার জন্য দায়ী বলে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

চিকিৎসক স্বপ্না বিশ্বাস জয় ঘটনার সত্যতা স্বীকার করে এশিয়া পোস্টকে জানান, রোগী মাথা ঘুরে পড়ে যাওয়ার পরপরই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। রোগীর লো ব্লাড প্রেসারের কারণে মাথা ঘুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে বলেও তিনি জানান।

অন্যদিকে হাসপাতালের দায়িত্বে থাকা অন্যতম শেয়ারহোল্ডার চিকিৎসক গণপতি বিশ্বাস শুভ বলেন, ‘ঘটনাটি আমরা মাত্র জেনেছি। বিষয়টি পরিপূর্ণভাবে জেনে-বুঝে কী করা যায়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের হাসপাতালে ২০ জন শেয়ারহোল্ডার রয়েছেন। আমি তাদের বিষয়টি অবহিত করছি এবং ঘটনাটি সবার নজরে আনছি।’

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা হয়েছে। আমরা হাসপাতালে পুলিশ সদস্য পাঠাচ্ছি। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত নার্সদের শনাক্ত করার চেষ্টা করছি।’

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনাটি যদি সত্য হয়ে থাকে, তাহলে এটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

source: Asia Post

Back to top button