News

আমার আয়ের উৎস সম্পূর্ণ সাদা: সালমান মুক্তাদির

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির তার আয়ের উৎস এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

সোমবার (৫ অক্টোবর) অনলাইনভিত্তিক আলোচিত টকশো ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’-এ অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি নিজের বিলাসবহুল জীবনযাপন, উপার্জন এবং সাম্প্রতিক বিভিন্ন বিতর্ক নিয়ে বিস্তারিত কথা বলেন।

অনুষ্ঠানে সালমান মুক্তাদির জানান, তিনি গত ১২ বছর ধরে ধারাবাহিকভাব দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় ব্র্যান্ডের বিজ্ঞাপনী চেইনের সঙ্গে কাজ করছেন। তার আয়ের পুরো উৎসই সম্পূর্ণ ‘সাদা’ এবং নিয়ম মেনে আয়কর পরিশোধযোগ্য।

তিনি দাবি করেন, বিনোদন অঙ্গনে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও উদ্ভাবনী কনটেন্ট তৈরির মাধ্যমেই তিনি আজকের এই অবস্থানে পৌঁছেছেন। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে ব্যবসায়িক চুক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের উপার্জনই তার আয়ের মূল ভিত্তি।

নিজের আর্থিক উৎস নিয়ে বিভিন্ন মহলে ছড়ানো নানা গুঞ্জন ও প্রশ্নের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সালমান বলেন, সরকারের কিছু মহল বা সংস্থার পক্ষ থেকে আমাকে সন্দেহের চোখে দেখা এবং আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলাটা অত্যন্ত হতাশাজনক।

তিনি জোর দিয়ে বলেন, কোনো রাজনৈতিক দল, প্রভাবশালী গোষ্ঠী বা ব্যক্তি তাকে কোনো ধরনের অর্থায়ন করছে না। তার অর্জিত সফলতার পেছনে এককভাবে তার ব্যক্তিগত শ্রম, মেধা ও পেশাদারিত্বই মূল নিয়ামক হিসেবে কাজ করেছে।

সালমান মুক্তাদির নিজেকে ‘ম্যাটেরিয়ালিস্টিক’ বা বস্তুবাদী হিসেবে অস্বীকার করেন। তিনি জানান, কেবল বিপুল অর্থ উপার্জনের চেয়ে সৃজনশীল কাজের মান ধরে রাখা এবং কর্মসংস্থান সৃষ্টির দিকেই তার মূল নজর। তার বর্তমান লাইফস্টাইল ও স্টুডিওর উন্নত অবকাঠামো তার এক দশকেরও বেশি সময়ের কাজের ধারাবাহিক অর্জনেরই ফল বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়। সিসি ক্যামেরাসহ স্টুডিওর সব যন্ত্রাংশ এবং রুমের যাবতীয় জিনিসপত্র লুটপাট ও অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে তছনছ করে ফেলে দুর্বৃত্তরা।

এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। সবশেষ গতকাল সোমবার (৫ অক্টোবর) বিকাশ নামে এক জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। তাকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

source: Asia Post

Back to top button