মার্কিন অবরোধ মোকাবিলায় ‘সব ধরনের পদক্ষেপে’র হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি অবরোধের ইরানি উদ্যোগের পালটা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় ইরানের হাতে থাকা সব উপায় ব্যবহার করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ‘আমরা অবশ্যই এসব পদক্ষেপ মেনে নেব না। যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় আমাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করব।’
ইসমাইল বাঘাই বলেন, ‘মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও নৌ-অবরোধ হিসেবে বর্ণনা করছে, তা নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন।’
তিনি আরও বলেন, ‘এ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য ইরানের হাতে থাকা যেকোনো উপায় ব্যবহারের অধিকার রয়েছে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান পুরো অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাতে জড়িয়ে পড়ে লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও। এতে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয়।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখন এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে। প্রণালিটি অবরোধের চেষ্টা অব্যাহত রেখেছে ইরান। এর পালটা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে।
পরে যুক্তরাষ্ট্র আরও কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করে। ইরানে স্থলপথে পণ্য ও সরবরাহ প্রবেশের পথগুলো ব্যাহত করতে গঠন করে বিশেষ টাস্কফোর্স।
এদিকে ইরানের বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার জানিয়েছে, তেহরানের নিষিদ্ধ ঘোষিত পথ দিয়ে চলাচলের চেষ্টা করতে গিয়ে কয়েকটি জাহাজে আগুন ধরেছে।
সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা এখনো অচলাবস্থায় রয়েছে। বিশেষ করে জুনে স্থায়ী সমাধানের পথরেখা নির্ধারণ করে করা একটি চুক্তি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
ইরান বলেছে, ওয়াশিংটন তাদের দাবির তালিকা মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। এসব দাবির মধ্যে অবরোধ প্রত্যাহারের বিষয়টিও রয়েছে।
ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ করলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।
তথ্যসূত্র: বাসস/এএফপি।
source: Rajneete







