টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরে বিএনপি কার্যালয়ে আগুন

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের উত্তর ঝনঝনিয়া টাওয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া এলাকা থেকে ২০০ থেকে ৩০০ জনের একটি মিছিল এসে টাওয়ার মোড়ে পৌঁছায়। পরে মিছিলকারীরা সেখানে অবস্থিত বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
বিএনপি নেতাদের দাবি, মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন। তারা বিএনপি নেতা সুমন তালুকদারের বাড়িতেও হামলা চালান। কার্যালয়টি যে ভবনে অবস্থিত, সেটির মালিক সুমন তালুকদার। তিনি মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থেকে লোকজন এসে ঝনঝনিয়ায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। এ সময় সুমন তালুকদারের বাড়িতেও হামলা চালানো হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম রাতে সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার প্রতিবাদে সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় নাজিরপুরের সাচিয়া বাজারে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে পিরোজপুর জেলা বিএনপি। রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান।
পোস্টে তিনি নাজিরপুরের টাওয়ার মোড়সহ সংলগ্ন এলাকায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও নেতা-কর্মীদের বাড়িঘরে লুটপাটের অভিযোগের প্রতিবাদে এ সমাবেশের কথা জানান।
source: Asia Post







