আশিয়ান সিটি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় আবাসন কোম্পানি আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আশিয়ান সিটির পরিচালক জাহিদুল ইসলাল ভূঁইয়া এশিয়া পোস্টকে বলেন, ‘মাগরিবের আজানের সময় সবাই নামাজে ছিল। ওই সময় পুরো অফিসে ভাঙচুর চালানো হয়েছে। তিন-চারটি ককটেল মারা হয়েছে। এছাড়াও অফিসের স্টাফদের গায়ে হাত তোলা হয়েছে। এতে তিন-চারজন আহত হয়েছেন।’
হামলার কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘চাঁদার জন্য এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।’
অপরদিকে দক্ষিণখান থানার ডিউটি অফিসার এসআই ওমর ফারুক এশিয়া পোস্টকে বলেন, ‘ঘটনাটি আমি ডিউটি শুরুর আগেই ঘটেছে বলে শুনতে পেরেছি৷ তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নি। বিস্তারিত বলতে পারছি না।’
হামলা প্রসঙ্গে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম ও দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফহিম উদ্দিনকে একাধিকবার কল দিলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
source: Asia Post







