শিল্প চাহিদা, প্রযুক্তি পরিবর্তন ও সমাজের প্রয়োজনে পাঠ্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে তিন বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত সিন্ডিকেট সদস্য, সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কিছু সময় ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আইইউবিসহ একাধিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে পাঠদান করেছেন।
প্রশ্ন: বাংলাদেশের উচ্চশিক্ষার বর্তমান মান ও সামগ্রিক অবস্থা কীভাবে মূল্যায়ন করবেন?
মিজানুর রহমান: বাংলাদেশের উচ্চশিক্ষা খাত মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করছে। তবে এ ক্ষেত্রে বড় সমস্যা হলো, শিক্ষায় যে পরিমাণ বাজেট থাকা প্রয়োজন, তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোও অনেক ক্ষেত্রে মানসম্মত শিক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
উচ্চশিক্ষায় ভালো ডিগ্রিধারী, যোগ্য শিক্ষক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষকদের থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের যে সুযোগ-সুবিধা দেওয়া হয়, তা তাঁদের যোগ্যতা ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ফলে যোগ্য শিক্ষকদের আকৃষ্ট করা এবং ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনটি কাজ হলো শিক্ষাদান, জ্ঞান সৃষ্টি এবং সেই জ্ঞান বিতরণ। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মোট ব্যয়ের ৮০ থেকে ৯০ শতাংশই বেতন, ভবন ও অন্যান্য পরিচালন ব্যয়ে চলে যায়। গবেষণায় ব্যয় করা সম্ভব হয় ৫ থেকে ১০ শতাংশেরও কম। ফলে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টিতে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না।
প্রশ্ন: গবেষণায় বিনিয়োগের এই ঘাটতি উচ্চশিক্ষার মানকে কতটা প্রভাবিত করছে?
মিজানুর রহমান: বাংলাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় গবেষণায় ভালো অবদান রাখছে। তবে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৭৫টি, অর্থাৎ পৌনে ২০০ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবদান বিবেচনা করলে দেখা যায়, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তুলনায় আমরা অনেক পিছিয়ে।
এর অন্যতম কারণ গবেষণার জন্য পর্যাপ্ত অর্থায়ন না থাকা। একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আধুনিক গবেষণাগার, যন্ত্রপাতি, রাসায়নিক উপকরণ, রি-এজেন্ট এবং অন্যান্য লজিস্টিক সহায়তা প্রয়োজন। বিশেষ করে প্রকৌশল শিক্ষার বড় একটি অংশ হওয়া উচিত গবেষণাগারভিত্তিক। এসব গবেষণাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কোটি কোটি টাকা প্রয়োজন হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর সেই সামর্থ্য নেই। সরকারি অর্থায়নও প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম।
এমনকি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের জন্যও গবেষণার পর্যাপ্ত অর্থায়ন নেই। কিছু অর্থায়ন থাকলেও তা দিয়ে সীমিত পরিসরে কাজ করা সম্ভব। সব শিক্ষককে গবেষণার সুযোগ দেওয়ার মতো ব্যবস্থা নেই।
প্রশ্ন: যোগ্য শিক্ষক আকৃষ্ট করা এবং ধরে রাখার ক্ষেত্রে প্রধান বাধাগুলো কী?
মিজানুর রহমান: উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, উচ্চ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা শিক্ষকতায় আসতে পারছেন না অথবা আসতে চাইছেন না। ভালো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া শিক্ষকদের যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন, তা না থাকলে তাঁদের ধরে রাখা কঠিন।
উদাহরণ হিসেবে বলা যায়, সরকারি বিশ্ববিদ্যালয়ে আগের বেতনকাঠামোর গ্রেড-১ অধ্যাপকদের মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা। তাঁদের অনেকের ক্ষেত্রে গাড়ি, বাসস্থান, ব্যক্তিগত সহকারী কিংবা অন্যান্য সুবিধা নেই। মূল বেতনের সঙ্গে সামান্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা যোগ হয়। বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনা করলে এ ধরনের সুযোগ-সুবিধা দিয়ে একজন মানসম্মত শিক্ষককে দীর্ঘ মেয়াদে ধরে রাখা খুব কঠিন।
এখন বিশ্বায়নের যুগ। একজন শিক্ষক একই যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে বিদেশের বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা পেলে তাঁকে শুধু দেশপ্রেমের কথা বলে দেশে ধরে রাখা সম্ভব নয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রণোদনা প্রায় নেই বললেই চলে।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, প্রশাসনিক দায়িত্ব বণ্টন ও পদোন্নতিতে মেধার মূল্যায়ন কতটা হচ্ছে?
মিজানুর রহমান: এ ক্ষেত্রে ঘাটতি রয়েছে। দীর্ঘ সময়ের অভিজ্ঞতা বিবেচনা করলে দেখা যায়, সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের সবাইকে শিক্ষকতায় আনা হয়নি। একইভাবে সবচেয়ে বিচক্ষণ, জ্ঞানী ও নিরপেক্ষ ব্যক্তিরা সব সময় বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব পেয়েছেন, এমনটিও বলা যায় না।
একজন ভালো একাডেমিশিয়ান যে ভালো প্রশাসক হবেন, তা নিশ্চিত নয়। তবে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য একজন ভালো একাডেমিশিয়ানের পাশাপাশি তাঁর প্রশাসনিক দক্ষতা ও সক্ষমতাও থাকা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, প্রশাসনিক দায়িত্ব বণ্টন এবং আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ ও অসংগতি দেখা গেছে। অথচ বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল জ্ঞানচর্চা, মেধার মূল্যায়ন এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র। সেখানে যদি যথাযথভাবে মেধার মূল্যায়ন না হয়, তাহলে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা কঠিন।
বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু কখনো কখনো এসব প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে এমন ব্যক্তিদের দেখা যায়, যাঁদের শিক্ষাগত পটভূমি বিজ্ঞান বা প্রযুক্তিসংশ্লিষ্ট নয়। এতে প্রশ্ন ওঠে, আমরা কতটা নিরপেক্ষভাবে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে পারছি।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক রাজনীতি উচ্চশিক্ষার পরিবেশকে কীভাবে প্রভাবিত করছে?
মিজানুর রহমান: আমি রাজনীতির বিপক্ষে নই। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ধারার রাজনীতি থাকা প্রয়োজন। সেই রাজনীতির লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং যোগাযোগ ও অন্যান্য সামাজিক দক্ষতা বাড়ানো। এ ধরনের রাজনীতি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, কারণ একজন ভালো স্নাতক শেষ পর্যন্ত দেশ গঠনেও অবদান রাখেন।
কিন্তু বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও ছাত্ররাজনীতি সব সময় কাঙ্ক্ষিত পথে পরিচালিত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা বণ্টনে মেধার যথাযথ মূল্যায়ন হয়েছে কি না, সেটিও বিবেচনার বিষয়। একসময় গণরুম সংস্কৃতির মতো পরিস্থিতি দেখা গেছে।
শিক্ষকদের মধ্যেও মতপার্থক্য থাকতে পারে, শিক্ষার্থীদেরও রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে। সেটিই স্বাভাবিক। কিন্তু ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, নিরপেক্ষতা এবং মেধাকে অগ্রাধিকার দিতে হবে। বৃত্তি প্রদান, শিক্ষকদের পদোন্নতি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রেও মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রশ্ন: উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির ধরন থেকে বাংলাদেশ কী শিখতে পারে?
মিজানুর রহমান: আমি বিদেশে থেকেছি। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আমার দেখা অভিজ্ঞতায় শিক্ষার্থীদের রাস্তা বন্ধ করে মিছিল করার ঘটনা চোখে পড়েনি। তাঁরা অনেক সময় পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মূল বিষয় থাকে শিক্ষার মান উন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিকাশের জন্য লজিস্টিক সহায়তা নিশ্চিত করা।
বাংলাদেশেও ছাত্ররাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উন্নতি। রাজনীতি করার অধিকার থাকবে, কিন্তু সেই রাজনীতি যেন শিক্ষার পরিবেশ নষ্ট না করে। শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার বজায় রেখেই শিক্ষার মান উন্নয়নে তাঁদের ভূমিকা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। সম্প্রতি শিক্ষকদের পুরস্কৃত করার মতো উদ্যোগ অবশ্যই ইতিবাচক ও প্রতীকী পদক্ষেপ। তবে সামগ্রিক অবকাঠামো ও ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কার ছাড়া শুধু পুরস্কার দিয়ে উচ্চশিক্ষার মান নিশ্চিত করা যাবে না।
প্রশ্ন: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা কি প্রয়োজনের তুলনায় বেশি?
মিজানুর রহমান: বাংলাদেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৭৫টি (ইউজিসির ওয়েবসাইট— পাবলিক বিশ্ববিদ্যালয়:৬১, বেসরকারি ১১৭, আন্তর্জাতিক ৩), অর্থাৎ পৌনে ২০০ বিশ্ববিদ্যালয় রয়েছে। এতগুলো বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন কি না, সেটি ভেবে দেখা দরকার। তবে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হয়েছে বলে শিক্ষার সুযোগ সংকুচিত করার পক্ষে আমি নই। বরং দেশের উন্নয়নের জন্য কারিগরি ও ব্যবহারিক শিক্ষায় আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল।
আমাদের নার্সিং, রেডিওলজি, প্যারামেডিকেল এবং বিভিন্ন প্রযুক্তিনির্ভর পেশায় দক্ষ জনবল তৈরি করা দরকার। ওয়েল্ডিংসহ বিভিন্ন কারিগরি কাজে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। এসব ক্ষেত্রে প্রশিক্ষিত জনবল তৈরি করতে পারলে দেশের অর্থনীতি ও সমাজে তাঁদের অবদান আরও বাড়ত।
শুধু সাধারণ ডিগ্রি অর্জনের সুযোগ বাড়ালেই হবে না। শিক্ষার্থীরা যেন বাস্তব জীবনে কাজে লাগানোর মতো দক্ষতা অর্জন করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের কর্মসংস্থানে কী ধরনের সমস্যা দেখা যাচ্ছে?
মিজানুর রহমান: বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে স্নাতক শেষ করা অনেক শিক্ষার্থী বাংলায় একটি আবেদনপত্র লিখতেও সমস্যায় পড়ে। ইংরেজিতে যোগাযোগের দক্ষতাও অনেকের দুর্বল। এমনকি স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যেও প্রয়োজনীয় যোগাযোগদক্ষতার ঘাটতি দেখা যায়।
অন্যদিকে, দেশের বিভিন্ন কোম্পানি এখনো উচ্চপর্যায়ের নির্বাহী পদে, যেমন প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বিপণন কর্মকর্তা, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও ভাইস প্রেসিডেন্ট পদে, উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি জনবল নিয়োগ করছে। এর অর্থ, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী যথেষ্ট যোগ্য স্নাতক তৈরি করতে পারছে না।
একদিকে হাজার হাজার, লাখ লাখ শিক্ষিত বেকার বলছেন, তাঁদের চাকরি নেই। অন্যদিকে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বলছে, তাদের প্রয়োজন অনুযায়ী যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। এখানে স্পষ্ট একটি ব্যবধান রয়েছে। আমরা যে ধরনের স্নাতক তৈরি করছি, তাঁদের দক্ষতা ও যোগ্যতা অনেক ক্ষেত্রে নিয়োগদাতাদের চাহিদার সঙ্গে মিলছে না।
প্রশ্ন: এ ব্যবধান দূর করতে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে কী ধরনের পরিবর্তন প্রয়োজন?
মিজানুর রহমান: উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম পর্যালোচনার ক্ষেত্রে সাবেক শিক্ষার্থী, শিল্প খাতের বিশেষজ্ঞ এবং অভিভাবকদের মতামত নেওয়া হয়। শিল্প খাত ও সমাজের চাহিদা বিবেচনায় নিয়ে পাঠ্যক্রম সংশোধন করা হয়। ফলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশের আগে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পায়।
বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের প্রক্রিয়া কতটা কার্যকরভাবে অনুসরণ করা হচ্ছে, তা প্রশ্নসাপেক্ষ। পাঠ্যক্রমকে শিল্প খাতের চাহিদা, প্রযুক্তির পরিবর্তন এবং সমাজের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।
শুধু পাঠ্যক্রম পরিবর্তন করলেই হবে না। প্রয়োজনীয় গবেষণাগার, আধুনিক যন্ত্রপাতি, ব্যবহারিক শিক্ষা এবং গবেষণার জন্য অর্থায়ন নিশ্চিত করতে হবে। এসব ছাড়া প্রকৌশলসহ বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়।
প্রশ্ন: আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থানকে কীভাবে দেখেন?
মিজানুর রহমান: কিউএস ও টাইমস হায়ার এডুকেশনের মতো আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান সন্তোষজনক নয়। আমার জানা অনুযায়ী, কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই কম, আর টাইমস হায়ার এডুকেশনের তালিকাতেও বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
তবে র্যাঙ্কিংকে আমি চূড়ান্ত মানদণ্ড হিসেবে দেখি না। এসব র্যাঙ্কিংয়ে অনেক ধরনের সূচক বিবেচনা করা হয়। ফলে কোনো বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে না থাকলেই সেটি খুব খারাপ, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
কিন্তু সামগ্রিকভাবে দেখতে হবে, আমাদের সমাজ ও অর্থনীতির জন্য যে ধরনের দক্ষ স্নাতক প্রয়োজন, আমরা তা তৈরি করতে পারছি কি না। আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষার্থীদের যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন করলেই আমাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্থায়ী নিয়োগব্যবস্থা গবেষণা ও শিক্ষার মানকে কীভাবে প্রভাবিত করে?
মিজানুর রহমান: বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকাংশ শিক্ষকের চাকরি স্থায়ী। নির্দিষ্ট কিছু গুরুতর কারণ, যেমন দুর্নীতি বা নৈতিক স্খলনের ঘটনা ছাড়া তাঁদের চাকরি থেকে সরানোর সুযোগ সীমিত।
অন্যদিকে, বিশ্বের অনেক নামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নির্দিষ্ট কর্মদক্ষতার শর্ত থাকে। স্থায়ী পদে নিয়োগ পাওয়ার পরও অনেক ক্ষেত্রে গবেষণার অর্থায়ন সংগ্রহ, মানসম্মত সাময়িকীতে গবেষণা প্রকাশ এবং অন্যান্য একাডেমিক অর্জনের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে হয়।
বাংলাদেশেও শিক্ষকদের গবেষণা ও শিক্ষাদানের মান উন্নয়নে কার্যকর মূল্যায়নব্যবস্থা থাকা প্রয়োজন। তবে এর জন্য প্রয়োজনীয় অর্থায়ন, গবেষণার সুযোগ এবং প্রাতিষ্ঠানিক সহায়তাও নিশ্চিত করতে হবে। শুধু দায়িত্ব চাপিয়ে দিলে হবে না, সেই দায়িত্ব পালনের সক্ষমতাও তৈরি করতে হবে।
প্রশ্ন: দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরির গুরুত্ব কতটা?
মিজানুর রহমান: বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ বিদেশে কাজ করেন। তাঁদের অনেকেই শ্রমনির্ভর পেশায় নিয়োজিত। কিন্তু বিদেশে উচ্চপর্যায়ের নির্বাহী পদে কর্মরত একজন ব্যক্তির আয় অনেক ক্ষেত্রে দশজন শ্রমিকের সম্মিলিত আয়ের চেয়েও বেশি হতে পারে।
আমরা যদি বিদেশগামী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিতে পারি, তাঁদের প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষা নিশ্চিত করতে পারি এবং যে দেশে যাবেন, সেই দেশের ভাষা শেখাতে পারি, তাহলে তাঁরা আরও ভালো কাজের সুযোগ পাবেন। এতে তাঁদের আয় বাড়বে এবং দেশের রেমিট্যান্সও বাড়তে পারে।
এ জন্য কারিগরি প্রশিক্ষণ, ভাষাশিক্ষা এবং পেশাভিত্তিক দক্ষতা উন্নয়নে কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। শুধু বিশ্ববিদ্যালয়ের সাধারণ ডিগ্রির ওপর নির্ভর না করে কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ করতে হবে।
প্রশ্ন: উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে হলে এখন সবচেয়ে জরুরি করণীয় কী?
মিজানুর রহমান: উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে হলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রথমত, পর্যাপ্ত বাজেট ও গবেষণায় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, যোগ্য শিক্ষক নিয়োগ, তাঁদের উপযুক্ত সুযোগ-সুবিধা প্রদান এবং গবেষণার পরিবেশ তৈরি করতে হবে। তৃতীয়ত, শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনীতিতে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে দলীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্য না হয়।
বিশ্ববিদ্যালয়ে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভিন্নমতের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে এবং সব ক্ষেত্রে মেধাকে অগ্রাধিকার দিতে হবে। বৃত্তি, শিক্ষকদের পদোন্নতি এবং প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।
আমরা মানসম্মত শিক্ষার কথা বলছি, কিন্তু সেই মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে পারছি কি না, সেটিও বিবেচনা করতে হবে। কোনো ক্ষেত্রে সদিচ্ছা থাকলেও সক্ষমতার অভাব থাকতে পারে। আবার কোথাও মান উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয় না। এ দুই ধরনের সমস্যাই দূর করতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে দেশেই মানসম্মত উচ্চশিক্ষা পেতে পারে এবং বিদেশে যাওয়ার প্রয়োজন কমে। এ ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে, এটি সত্য। কিন্তু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া শিক্ষার্থীদের যোগ্যতা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। বিদেশের ভালো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া প্রার্থীদের অনেক ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। এর অর্থ, আমাদের শিক্ষাব্যবস্থায় এখনো ঘাটতি রয়েছে।
শেষ পর্যন্ত শিক্ষার্থী কোথা থেকে ডিগ্রি অর্জন করেছেন, সেটিই একমাত্র বিবেচ্য হওয়া উচিত নয়। তাঁর প্রকৃত জ্ঞান, যোগ্যতা ও দক্ষতা কতটা, সেটিই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়ন করলেই বাংলাদেশের উচ্চশিক্ষার প্রকৃত অবস্থান বোঝা যাবে।
প্রশ্ন: দেশে দিন দিন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে শিক্ষার মান ও গবেষণার পরিবেশের কি সমানতালে উন্নতি হচ্ছে?
মিজানুর রহমান: আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে। ইউজিসির ওয়েবসাইটে ১৬১টি পাবলিক ও ১১৭টি বিশ্ববিদ্যালয়ের কথা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার মান ও গবেষণার পরিবেশের উন্নতি হচ্ছে কি না।
বিশ্ববিদ্যালয়গুলোর তদারকির দায়িত্ব মূলত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। এখন প্রশ্ন হলো, ইউজিসির যে জনবল ও অন্যান্য সহায়তা রয়েছে, তা দিয়ে প্রায় পৌনে ২০০ বিশ্ববিদ্যালয় নিবিড়ভাবে তদারকি করা সম্ভব কি না। আমার মনে হয়, সেই সক্ষমতা তাদের নেই। আগের তুলনায় ইউজিসির জনবল ও সহায়তা কিছুটা বেড়েছে, কিন্তু এতগুলো বিশ্ববিদ্যালয় যথাযথভাবে তদারকি করার মতো সক্ষমতা এখনো তৈরি হয়নি।
আরেকটি বিষয় হলো, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হয়। সেগুলো পূরণের জন্য যে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রয়োজন, তা আমরা দিতে পেরেছি কি না, সেটি বিবেচনা করতে হবে। কিছু বিশ্ববিদ্যালয় ভালো করছে, এটা ইতিবাচক। কিন্তু ১০ থেকে ২০টি বিশ্ববিদ্যালয় ভালো করলেই সামগ্রিকভাবে উচ্চশিক্ষার মান নিশ্চিত হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। সামগ্রিক অগ্রগতি দেখতে হবে।
মানসম্মত শিক্ষার কথা আমরা বলছি, ভবিষ্যতে আরও উন্নতির চেষ্টা করব, কিন্তু বাস্তবে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মতো অবস্থানে আমরা এখনো পৌঁছাতে পারিনি। প্রয়োজনের তুলনায় সহায়তা খুবই অপ্রতুল।
প্রশ্ন: উচ্চশিক্ষার জন্য বাজেট ও গবেষণায় বিনিয়োগ কতটা পর্যাপ্ত?
মিজানুর রহমান: শিক্ষায় অন্তত মোট বাজেটের ৫ শতাংশ বরাদ্দ থাকা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মত দিয়ে থাকেন। কিন্তু আমাদের শিক্ষা খাতে বরাদ্দ ২ থেকে ৩ শতাংশের মতো, কোনো কোনো হিসাবে ৩ শতাংশেরও কম।
এই বাজেটের বড় অংশ ব্যয় হয় অবকাঠামো, বেতন এবং অন্যান্য স্থায়ী খরচে। উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও গবেষণা তহবিলের জন্য বরাদ্দ খুবই কম। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ তৈরি করা কঠিন হয়ে পড়ছে।
বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শিক্ষাদান নয়, জ্ঞান সৃষ্টি ও সেই জ্ঞান বিতরণও। গবেষণার জন্য অর্থায়ন, প্রয়োজনীয় অবকাঠামো এবং অন্যান্য সহায়তা নিশ্চিত করা না গেলে বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া সম্ভব নয়।
প্রশ্ন: আমাদের শিক্ষাব্যবস্থা কি জ্ঞান ও দক্ষতা অর্জনের চেয়ে সনদ অর্জনকেন্দ্রিক হয়ে পড়েছে?
মিজানুর রহমান: বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সনদ অর্জনকেন্দ্রিক হয়ে পড়েছে বলে আমার মনে হয়। অনেকের অনার্স ও মাস্টার্সের সনদ রয়েছে, কিন্তু প্রশ্ন হলো, তাঁরা সেই অনুপাতে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারছেন কি না।
আমরা সাধারণত বলি, যা দেখি, সেটাই সত্য। সমাজে যারা সত্যিকার অর্থে জ্ঞানী, শিক্ষিত ও মেধাবী, তাঁরা কতটা মূল্যায়িত হচ্ছেন, সেটিও দেখতে হবে। একজন তরুণ যখন দেখে, জ্ঞান ও শিক্ষার জগতে যাঁরা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাঁদের অনেকের অবস্থাই শোচনীয়, তখন তার মধ্যে জ্ঞানী বা শিক্ষিত হওয়ার আগ্রহ কতটা তৈরি হবে?
অন্যদিকে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্নভাবে সুযোগ-সুবিধা নেওয়া এবং বৈধ-অবৈধ পথে সম্পদ অর্জন করা ব্যক্তিরাই যখন সমাজকে নিয়ন্ত্রণ করেন, তখন তরুণদের মধ্যে কী ধরনের মানসিকতা তৈরি হবে, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আমি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। তখন ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ড. আনিসুজ্জামান, বাংলার আবু হেনা মোস্তফা কামাল, পদার্থবিজ্ঞানের এ এম হারুন অর রশীদের মতো বিখ্যাত পণ্ডিতদের কথা শুনতাম। এর আগেও ড. মুহম্মদ শহীদুল্লাহর মতো বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। তখনও সমস্যা ছিল, কিন্তু এসব জগদ্বিখ্যাত ব্যক্তির শিক্ষকতায় থাকার বিষয়টি আমাদের অনুপ্রাণিত করত।
বর্তমানে এ ধরনের ব্যক্তিত্ব শিক্ষকতায় একেবারেই নেই, তা বলছি না। তবে তাঁদের সংখ্যা কতটা, সেটি বিবেচনা করা দরকার। অনেক ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো শিক্ষকদের একটি বড় অংশ চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। কারণ, তাঁরা অন্য জায়গায় ভালো সুযোগ-সুবিধা ও নিজেদের জ্ঞান প্রয়োগের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে এখানে সবকিছু নিয়ম অনুযায়ী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে হচ্ছে না, এমন পরিস্থিতিও তাঁদের পীড়া দেয়।
ফলে অনেকে শিক্ষকতায় আসতে চান না, আবার কেউ কেউ যোগ দেওয়ার পরও চলে যান। কেউ কেউ বিশ্ববিদ্যালয়কে একটি সাময়িক অবস্থান হিসেবে দেখেন। সত্যি বলতে, জগদ্বিখ্যাত পণ্ডিত ও শিক্ষকের সংখ্যা কমে যাওয়া মানসম্মত উচ্চশিক্ষার জন্য ভবিষ্যতে বড় বাধা হয়ে উঠতে পারে।
প্রশ্ন: এই পরিস্থিতি থেকে উত্তরণে কী প্রয়োজন?
মিজানুর রহমান: প্রথমত, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। যেকোনো ক্ষেত্রে পরিবর্তন আনতে হলে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদিচ্ছা থাকলে প্রকৃত মেধাবী ও যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করে নিয়োগ দিতে হবে এবং তাঁদের বিকাশের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়তা নিশ্চিত করতে হবে।
কে কোন আদর্শের অনুসারী, সেটি বিবেচনা না করে যাঁরা শিক্ষক হওয়ার যোগ্য, তাঁদের নিয়োগ দিতে হবে। যোগ্য শিক্ষক নিয়োগের পাশাপাশি তাঁদের ধরে রাখার ব্যবস্থাও করতে হবে। বর্তমানে এ ক্ষেত্রে ঘাটতি রয়েছে।
তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া এখনো নিরপেক্ষ রয়েছে বলে আমি মনে করি। এ বিষয়ে আমার সন্দেহ নেই। কিন্তু শুধু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া নিরপেক্ষ হলেই হবে না, শিক্ষার সামগ্রিক ব্যবস্থায় যোগ্যতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
আরেকটি বিষয় হলো, উচ্চশিক্ষার ভিত্তি তৈরি হয় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে। সেসব পর্যায়ে শিক্ষার মান নিশ্চিত করা না গেলে শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে মান উন্নয়ন সম্ভব নয়। পুরো শিক্ষাব্যবস্থার সঙ্গে উচ্চশিক্ষার সম্পর্ক রয়েছে। তাই সামগ্রিক ব্যবস্থার পুনর্গঠন ও ব্যাপক সংস্কার প্রয়োজন।
প্রশ্ন: প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার দুর্বলতা উচ্চশিক্ষাকে কীভাবে প্রভাবিত করছে?
মিজানুর রহমান: আমাদের শিক্ষার ভিত্তিই অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় একবার দেখা গিয়েছিল, ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র দু-চারজন। এটি আমার বক্তব্য নয়, এমন পরিস্থিতি সামনে এসেছে।
আমি এমন পরীক্ষার খাতাও দেখেছি, যেখানে ‘আমি তোমাকে খাওয়াবো’ বাক্যটির ইংরেজি অনুবাদ লেখা হয়েছে ‘আই উইল ইট ইউ’। আবার ‘আমার একটি গরু ছিল’ বাক্যটির অনুবাদ লেখা হয়েছে ‘আই ওয়াজ এ ডগ’। এ ধরনের উদাহরণ থেকেই বোঝা যায়, শিক্ষার্থীদের ইংরেজি ভাষার মৌলিক দক্ষতায় কতটা ঘাটতি রয়েছে।
শুধু উচ্চশিক্ষার মান উন্নয়নের চেষ্টা করলেই হবে না। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে হবে। নিচের স্তরে শিক্ষার মান নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাঙ্ক্ষিত মান অর্জন করা সম্ভব নয়। পুরো ব্যবস্থাকে নতুন করে সাজানো প্রয়োজন।
প্রশ্ন: উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভূমিকা কেমন হওয়া উচিত?
মিজানুর রহমান: ইউজিসির মূল ভূমিকা হওয়া উচিত সহায়তাকারী প্রতিষ্ঠানের। তাদের নিয়মিত বিশ্ববিদ্যালয়গুলো পর্যবেক্ষণ করা, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং লজিস্টিক সহায়তা দেওয়ার দায়িত্ব রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও গুরুত্বপূর্ণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত। সেখানে ডিন, সিন্ডিকেট ও সিনেটসহ বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্ধারণ করা হয়। কিন্তু উপাচার্য নিয়োগের ক্ষেত্রে অনেক সময় দলীয় বিবেচনা প্রাধান্য পায় বলে দেখা যায়।
শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও বৃত্তি প্রদানের ক্ষেত্রে সব সময় মেধাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। কখনো হচ্ছে, আবার কখনো হচ্ছে না। এসব বিষয়কে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে নিরপেক্ষভাবে পরিচালনা করা প্রয়োজন।
শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী তাঁদের পারিশ্রমিক নির্ধারণ করা হলে ভালো শিক্ষক আকৃষ্ট করা এবং ধরে রাখা সহজ হবে। একজন ভালো গবেষক যদি গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ ও সুযোগ-সুবিধা না পান, তাহলে তিনি কীভাবে গবেষণা চালিয়ে যাবেন? তাঁকে টেকসইভাবে গবেষণায় যুক্ত রাখতে হলে সামগ্রিক সহায়তা নিশ্চিত করতে হবে। এটি শুধু ইউজিসির একার দায়িত্ব নয়, পুরো ব্যবস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রশ্ন: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কম হওয়ার প্রধান কারণ কী?
মিজানুর রহমান: গবেষণার জন্য প্রাথমিকভাবে দুটি বিষয় প্রয়োজন। প্রথমত, ভালো গবেষক থাকতে হবে, যিনি দক্ষ, যোগ্য ও গবেষণার প্রতি নিবেদিত। ভালো শিক্ষক নিয়োগ করতে পারলে এবং তাঁর গবেষণার প্রতি নিষ্ঠা থাকলে ভালো গবেষক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। দ্বিতীয়ত, গবেষণার জন্য পর্যাপ্ত অর্থায়ন ও অন্যান্য লজিস্টিক সহায়তা থাকতে হবে।
আমার মনে হয়, এই দুটি ক্ষেত্রেই ঘাটতি রয়েছে। আমরা যদি মেধাবী শিক্ষক নিয়োগ করতে না পারি, অথবা নিয়োগের পর তাঁদের ধরে রাখতে না পারি, তাহলে গবেষকের সংকট তৈরি হবে। আবার ভালো শিক্ষক ও গবেষক নিয়োগ করলেও তাঁকে প্রয়োজনীয় অর্থায়ন ও সহায়তা না দিলে তিনি গবেষণা করতে পারবেন না।
একই সঙ্গে গবেষণার ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য ও জবাবদিহি থাকা প্রয়োজন। একজন শিক্ষককে বছরে বা দুই বছরে নির্দিষ্ট পরিমাণ গবেষণা করতে হবে, এমন শর্ত থাকা দরকার। কিন্তু বাংলাদেশে এ ধরনের বাধ্যবাধকতা সব ক্ষেত্রে কার্যকর নয়। ফলে একদিকে শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করা হচ্ছে না, অন্যদিকে গবেষণার জন্য কার্যকর বাধ্যবাধকতাও নেই।
সম্প্রতি গ্রেড-৩ থেকে গ্রেড-২-এ পদোন্নতির ক্ষেত্রে এক বা দুটি গবেষণা প্রকাশনার শর্ত যুক্ত হয়েছে বলে জানি। আগে এমন শর্ত ছিল না। কিন্তু অধ্যাপক হওয়ার পর গবেষণার বাধ্যবাধকতা কতটা রয়েছে, সেটিও প্রশ্ন।
আমি সম্ভবত ২০১৭ বা ২০১৮ সালে গ্রেড-১ অধ্যাপক হয়েছি। সঠিক বছরটি এখন মনে নেই। এরপর আমার দু-একটি গবেষণা প্রকাশনা হয়েছে। কিন্তু নিয়মিতভাবে নির্দিষ্টসংখ্যক গবেষণা প্রকাশের বাধ্যবাধকতা নেই। এ অবস্থায় গবেষণার মান কীভাবে বাড়বে?
অনেক বিশ্ববিদ্যালয়ে মানসম্মত গবেষণা সাময়িকীতে প্রকাশনার জন্য গবেষকদের এক হাজার, দুই হাজার বা তিন হাজার ডলার পর্যন্ত প্রণোদনা দেওয়া হয়। বাংলাদেশে এমন ব্যবস্থা রয়েছে বলে আমি দেখিনি। গবেষণাকে উৎসাহিত করতে এ ধরনের প্রণোদনাও গুরুত্বপূর্ণ হতে পারে।
প্রশ্ন: গবেষণার অর্থায়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি আলাদা?
মিজানুর রহমান: গবেষণার জন্য অর্থায়নের সুযোগ থাকলেও বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষকের সংখ্যার তুলনায় সেই অর্থ খুবই নগণ্য। ইউজিসি থেকে গবেষণার জন্য অর্থ পাওয়া যেতে পারে, কিন্তু সব শিক্ষকের প্রয়োজন মেটানোর মতো অর্থ সেখানে নেই।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় মূলত পাঠদানে বেশি গুরুত্ব দেয়, গবেষণায় তুলনামূলকভাবে কম মনোযোগ দেয়। অথচ একটি বিশ্ববিদ্যালয় সরকারি হোক বা বেসরকারি, সেখানে শিক্ষাদান ও গবেষণা দুটোই পাশাপাশি চলার কথা।
সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার অর্থায়ন করে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের আয় থেকেই শিক্ষক-কর্মচারীদের বেতন, ভবন, জমি এবং অন্যান্য পরিচালন ব্যয় মেটাতে হয়। এসব মৌলিক ব্যয় মেটানোর পর গবেষণার জন্য অতিরিক্ত অর্থ রাখা অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের পক্ষেই কঠিন।
তারপরও বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো গবেষণা করছে। তবে সামগ্রিকভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার অবস্থা বিবেচনা করলে দেখা যায়, এ ক্ষেত্রে আরও অনেক দূর এগোতে হবে।
প্রশ্ন: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও চাকরির বাজারের চাহিদার মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে?
মিজানুর রহমান: বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক বেকার স্নাতক তৈরি হচ্ছে। এর একটি বড় কারণ হলো, চাকরির বাজারের চাহিদার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যোগ্য শিক্ষক, আধুনিক গবেষণাগার ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দরকার। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে এসব সুবিধা আদর্শ মানের তুলনায় কম।
আন্তর্জাতিক চাকরির বাজারে বাংলাদেশের অবদানও তুলনামূলকভাবে কম। ভারতের কর্মীরা বৈশ্বিক চাকরির বাজারে একটি অবস্থান তৈরি করেছেন, চীনের কর্মীদেরও অবস্থান রয়েছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করতে হবে।
প্রশ্ন: উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার কীভাবে দেখা উচিত?
মিজানুর রহমান: প্রযুক্তির সুবিধা অবশ্যই গ্রহণ করতে হবে। সময়ের সঙ্গে নতুন প্রযুক্তি আসছে, আর সেগুলো ইতিবাচকভাবে ব্যবহার করা প্রয়োজন। তবে প্রযুক্তির অপব্যবহারও প্রতিরোধ করতে হবে।
বর্তমানে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে গবেষণা বা অ্যাসাইনমেন্টের কাজ এআই দিয়ে তৈরি করছে। এ ধরনের অপব্যবহার ঠেকানোর জন্য বিভিন্ন সফটওয়্যার ও অ্যাপ রয়েছে। কিন্তু সেগুলো ব্যবহারের জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন হয়, যা অনেক বিশ্ববিদ্যালয়ের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না।
একসময় গবেষণায় চৌর্যবৃত্তি বা প্লেজিয়ারিজম প্রতিরোধে টার্নিটিনের মতো সফটওয়্যার ব্যবহারের কথা বলা হতো। কিন্তু কয়টি বিশ্ববিদ্যালয় নিয়মিত এ ধরনের সফটওয়্যার ব্যবহার করছে, তা বিবেচনা করা প্রয়োজন।
আমি যতটুকু জানি, অস্ট্রেলিয়ায় এমন সফটওয়্যার তৈরি হয়েছে, যার মাধ্যমে কোন কম্পিউটার থেকে কোনো কাজ করা হয়েছে, সেটিও শনাক্ত করা সম্ভব। শিক্ষার্থীদের এআই ব্যবহার করতে দেওয়া যেতে পারে, তবে কোন কাজে কীভাবে ব্যবহার করা যাবে, তা নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে এআই ব্যবহারে উৎসাহ দিতে হবে, আবার অপব্যবহার ঠেকাতেও ব্যবস্থা নিতে হবে।
আমরা প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে পারছি না, নেতিবাচক ব্যবহারও যথাযথভাবে প্রতিরোধ করতে পারছি না। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতেও পিছিয়ে রয়েছি।
এ কারণে বাংলাদেশের একজন মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষার্থী উন্নত কোনো দেশে গিয়ে প্রযুক্তি ও সফট স্কিলের সঙ্গে পরিচিত না থাকার কারণে সমস্যায় পড়তে পারেন। আমি সাধারণভাবে বলছি, সবার ক্ষেত্রে নয়। কিন্তু এ ধরনের পরিস্থিতি আমাদের দক্ষতার ঘাটতির দিকটি তুলে ধরে।
বিদেশের ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসায় প্রশাসনে এমবিএ করতে গেলে অনেক ক্ষেত্রে জিম্যাট পরীক্ষায় নির্দিষ্ট মানের স্কোর অর্জন করতে হয়। বাংলাদেশে আমরা কি একইভাবে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতার মান নির্ধারণ করতে পেরেছি? সেটিও বিবেচনা করা প্রয়োজন।
প্রশ্ন: নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কীভাবে মূল্যায়ন করছেন? দায়িত্ব নেওয়ার পর কী ধরনের উন্নতি হয়েছে বলে মনে করছেন?
মিজানুর রহমান: আমি মূলত গত বছরের নভেম্বরের দিকে দায়িত্ব নিয়েছি। নর্দান বিশ্ববিদ্যালয়ের একটি স্লোগান রয়েছে, ‘কোয়ালিটি এডুকেশন অ্যাট অ্যাফোর্ডেবল কস্ট’, অর্থাৎ সাশ্রয়ী খরচে মানসম্মত শিক্ষা। বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তুলনা করলে দেখবেন, আমাদের টিউশন ফি তাদের তুলনায় অনেক কম। কিন্তু শিক্ষার মানের কথা বিবেচনা করলে আমরা মনে করি, আমরা তাদের খুব কাছাকাছি রয়েছি।
আমাদের শিক্ষকদের জীবনবৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা দেখলেও বিষয়টি বোঝা যাবে। তাঁদের একটি বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েট, চুয়েট ও রুয়েট থেকে পড়াশোনা করেছেন। এ ছাড়া আমাদের অনেক শিক্ষক উত্তর আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছেন।
সম্প্রতি আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। আমাদের অনেক শিক্ষকের কিউ ওয়ান জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে আমি বলব, শিক্ষার মানের দিক থেকে নর্দান বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। তবে আরও উন্নয়নের সুযোগ রয়েছে। রাতারাতি সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অর্থেরও প্রয়োজন। আমরা সে অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়টিকে দেশের প্রথম পাঁচ থেকে সাতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে যেতে পারব।
প্রশ্ন: গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ ও সহায়তা কেমন?
মিজানুর রহমান: সত্যি বলতে, আমাদের যেসব শিক্ষক গবেষণা করেছেন, তাঁদের বেশির ভাগই নিজস্ব অর্থায়নে গবেষণা করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ল্যাবের সুবিধাসহ বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হয়। বিশেষ ক্ষেত্রে শিক্ষকরা গবেষণার জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তাও দেওয়া হতে পারে।
আমি মনে করি, গবেষণায় এই সহায়তা আরও বাড়ানো দরকার। আগের তুলনায় আমরা এখন কিছুটা বেশি উদার হয়েছি। কীভাবে গবেষণায় আরও বেশি অর্থায়ন করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। শিক্ষকদের গবেষণায় মনোযোগী হতেও উৎসাহিত করছি।
আমাদের পদোন্নতির শর্তেও গবেষণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গবেষণা না থাকলে পদোন্নতি পাওয়া কঠিন। অর্থাৎ, গবেষণাকে আমরা একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছি।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ কেমন?
মিজানুর রহমান: বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানের হার অনেক বেশি বলে আমি মনে করি। আপনি শুনে আশ্চর্য হতে পারেন, একসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইন বিষয়ে নর্দান বিশ্ববিদ্যালয়ের অবস্থান বেশ ভালো ছিল। এখান থেকে পাস করা প্রায় ৬০ থেকে ৭০ জন বিচারক রয়েছেন।
অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দপ্তরেও নর্দান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া অনেকেই রয়েছেন। ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়েও আমাদের শিক্ষার্থীরা ভালো ভালো পদে কাজ করছেন। এমনকি আন্তর্জাতিক পর্যায়েও তাঁদের অনেকে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকেও পাস করা শিক্ষার্থীরা ভালো অবস্থানে যেতে পারছেন। আমাদের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকদের একটি বড় অংশ ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং তাঁদের অনেকের বিদেশি ডিগ্রি রয়েছে। ফলে শিক্ষার্থীরা ভালো পদে কাজ করার সুযোগ পাচ্ছেন।
প্রশ্ন: শিক্ষার মান ধরে রাখতে ক্লাস পরিচালনা ও মূল্যায়ন কার্যক্রম কীভাবে তদারক করা হচ্ছে?
মিজানুর রহমান: আমরা যাতে কোনো ক্লাস মিস না করি, সেদিকে নজর রাখছি। একই সঙ্গে শিক্ষার মানের ক্ষেত্রে কোথাও ঘাটতি রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করছি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা একটি চলমান প্রক্রিয়া। আমরা ধীরে ধীরে শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি তা ধরে রাখার চেষ্টা করছি।
প্রশ্ন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টির ভূমিকা থাকে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপাচার্য কতটা স্বাধীনতা পান?
মিজানুর রহমান: উপাচার্য হিসেবে আমি আমার দল, অর্থাৎ উপউপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে স্বাধীনভাবে একাডেমিক সিদ্ধান্ত নিতে পারি। তবে আর্থিক বিষয়গুলোতে ট্রাস্টিদের সম্মতি নিতে হতে পারে।
যেমন, আমি যদি নতুন কোনো বিভাগ চালু করতে চাই, তাহলে অবশ্যই ট্রাস্টিদের সঙ্গে পরামর্শ করতে হবে। বড় ধরনের একাডেমিক সিদ্ধান্তের ক্ষেত্রেও ট্রাস্টিদের অবহিত করা হয়। তবে একাডেমিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ট্রাস্টিরা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমি এতে খুবই সন্তুষ্ট, কারণ আমি নিজের মতো করে একাডেমিক সিদ্ধান্ত নিতে পারছি।
প্রশ্ন: টিউশন ফি নির্ধারণ বা বাড়ানোর ক্ষেত্রে কী ধরনের নীতি অনুসরণ করছেন?
মিজানুর রহমান: আমাদের স্লোগানই হচ্ছে, সাশ্রয়ী খরচে মানসম্মত শিক্ষা। বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফির সঙ্গে তুলনা করলে আমাদের টিউশন ফি এখনো অনেক কম। তবে এই ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করছি। সে জন্য বছরে প্রায় ৫ থেকে ১০ শতাংশ টিউশন ফি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কারণ, বর্তমানে সবকিছুর খরচ বেড়েছে। শিক্ষকদের বেতনও আমরা প্রায় ২০ শতাংশ বাড়িয়েছি, কিন্তু শিক্ষার্থীদের টিউশন ফি সে অনুপাতে বাড়াইনি।
অন্যদিকে, গোল্ডেন এ প্লাস বা ডাবল গোল্ডেন এ প্লাস পাওয়া মেধাবী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য পরিমাণে বৃত্তি দেওয়া হচ্ছে। সব দিক বিবেচনায় আমাদের টিউশন ফি এখনো অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম।
তবে মানসম্মত শিক্ষার সঙ্গে টিউশন ফির একটি সম্পর্ক রয়েছে। ভালো শিক্ষা দিতে হলে যোগ্য শিক্ষক এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দরকার। অর্থ না থাকলে ভালো ল্যাব তৈরি করা বা গবেষণায় ব্যয় করা সম্ভব নয়। ভালো শিক্ষকদের ধরে রাখা, তাঁদের পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও অর্থ প্রয়োজন। সে কারণেই আমরা টিউশন ফি কিছুটা বাড়ানোর চেষ্টা করছি। তারপরও আমাদের টিউশন ফি তুলনামূলকভাবে কম বলে আমরা মনে করি।
প্রশ্ন: যোগ্য শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কী কী বিষয়কে গুরুত্ব দেওয়া হয়?
মিজানুর রহমান: শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং গবেষণাপত্র প্রকাশকে গুরুত্ব দেওয়া হয়। এর পাশাপাশি অভিজ্ঞতা, সংশ্লিষ্ট বিভাগে অবদান, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং সামগ্রিক অবস্থানও বিবেচনা করা হয়। তবে প্রধানত শিক্ষাগত যোগ্যতা, গবেষণাপত্র এবং অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আমার সময়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটেছে বলে আমি মনে করি না। অনেক বিশ্ববিদ্যালয়ে প্রভাবশালী কারও সুপারিশে নিয়োগের ঘটনা ঘটতে পারে। কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমি কখনো কোনো সুপারিশ পাইনি, এটা আমি জোর দিয়েই বলছি। কেউ সুপারিশ করলেও নিয়োগপ্রক্রিয়ায় তার প্রভাব পড়ার সুযোগ নেই।
আমাদের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার খাতা কোডিং করা হয়, ফলে যিনি খাতা মূল্যায়ন করেন, তিনি জানেন না সেটি কার খাতা। এরপর প্রার্থীর ডেমোনস্ট্রেশন নেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে একটি তালিকা তৈরি করে আমার কাছে আনা হয় এবং পরে ভাইভা নেওয়া হয়। ভাইভা বোর্ডে সিন্ডিকেট সদস্য, ট্রাস্টির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিধিবদ্ধ কমিটির প্রতিনিধিরা থাকেন। এভাবেই নিয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করার চেষ্টা করা হয়। পদোন্নতির ক্ষেত্রেও একইভাবে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়।
প্রশ্ন: গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কোথায় আরও বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন?
মিজানুর রহমান: আমি বিষয়টিকে ঘাটতি হিসেবে না দেখে এভাবে বলতে চাই, গবেষণায় আমাদের ব্যয় আরও বাড়ানো দরকার। শুধু আমাদের বিশ্ববিদ্যালয় নয়, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই এটি প্রযোজ্য।
আমার মনে হয়, আমাদের ল্যাবের সুবিধাও আরও বাড়ানো দরকার। বিশ্ববিদ্যালয়ে ল্যাব রয়েছে, তবে কিছু ল্যাবের আধুনিকায়ন প্রয়োজন। আগামী বছর আমরা ডেটা সায়েন্স বিভাগ চালু করতে যাচ্ছি। এ জন্য আমাদের অত্যাধুনিক একটি ল্যাব তৈরি করা দরকার।
উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এসব ক্ষেত্রে আমাদের আরও মনোযোগ দিতে হবে। কিন্তু মনোযোগ দেওয়ার অর্থই হচ্ছে অর্থের প্রয়োজন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আয়ে পরিচালিত হয়। অর্থ না থাকলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব নয়। বিষয়গুলো একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
তবে আমরা চেষ্টা করছি, টিউশন ফি যতটা সম্ভব কম বাড়িয়ে কীভাবে সর্বোচ্চ পরিমাণ অর্থ এসব কাজে ব্যয় করা যায়। অর্থাৎ, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে গবেষণা ও অবকাঠামো উন্নয়নে ব্যয় বাড়ানোর চেষ্টা করছি।
প্রশ্ন: আপনি প্রায় ১০ মাস ধরে দায়িত্ব পালন করছেন। চার বছরের মেয়াদে আপনার প্রধান লক্ষ্য কী?
মিজানুর রহমান: আমার প্রথম লক্ষ্য হলো, চার বছর কাজ করার সুযোগ পেলে এবং সব পক্ষের কাছ থেকে যথাযথ সহযোগিতা পেলে নর্দান বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে যাওয়া। এটিই আমার মিশন ও লক্ষ্য।
গত এক বছরের অগ্রগতি এবং শিক্ষক নিয়োগের বিষয়গুলো বিবেচনা করলে আমার মনে হয়, এই লক্ষ্য অর্জন সম্ভব। তবে এর জন্য আরও কিছু সহায়তা প্রয়োজন। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। অবকাঠামোগত উন্নয়ন দরকার। যেমন, আমাদের একটি খেলার মাঠ রয়েছে, সেটি নিয়ে উন্নয়নকাজ শুরু করার পরিকল্পনা আছে, যদিও এখনো তা শুরু করতে পারিনি।
এ ছাড়া বিদেশি অর্থায়ন পাওয়ার বিষয়েও আমরা চিন্তা করছি। ইতিমধ্যে কয়েকটি জায়গায় আবেদন করেছি। সবকিছু সমন্বিতভাবে এগিয়ে নিতে পারলে আমরা লক্ষ্য অর্জন করতে পারব বলে আশা করি।
আমাদের এখানে ক্লাস মিস হওয়ার ঘটনা খুবই কম। কোনো শিক্ষক কোনো ক্লাস নিতে না পারলে তাঁকে মেকআপ ক্লাস নিয়ে সেটি পূরণ করতে হয়। শিক্ষার্থীদের মূল্যায়নব্যবস্থাকেও আমরা আরও নিরপেক্ষ করেছি। কোনো শিক্ষার্থীর অভিযোগ থাকলে সে তা জানাতে পারে এবং চাইলে নিজের পরীক্ষার খাতাও দেখতে পারে।
এ ছাড়া আমাদের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) রয়েছে। তারা প্রতি মাসে সভা করে এবং শিক্ষার মান ও নির্ধারিত মানদণ্ড বজায় রাখার বিষয়ে কাজ করে। প্রয়োজন অনুযায়ী পরামর্শও দেয়।
কিছু বিষয় ট্রাস্টিদের সঙ্গে সম্পৃক্ত। সেসব ক্ষেত্রে আমাদের যে ধরনের সহায়তা প্রয়োজন, তা তাঁদের জানানো হচ্ছে। কারণ, মানসম্মত শিক্ষা শুধু শিক্ষকের ওপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো, ল্যাব ও অন্যান্য সুবিধা, সরকারি অর্থায়ন এবং আরও বিভিন্ন ধরনের সহায়তাও দরকার।
সব মিলিয়ে আমি বিশ্বাস করি, আমরা নর্দান বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারব। গত এক বছরের সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক। তবে আমরা এখানেই থেমে থাকতে চাই না, আরও ভালো করতে চাই।







