News

আ.লীগের সাবেক এমপির জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারা

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদের (৭৯) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে রায়পুরে অনুষ্ঠিত তার জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। রাজনৈতিক মতপার্থক্য ভুলে তাকে শেষ বিদায় জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। জানাজায় ইমামতি করেন আওলাদে রাসুল তাহের ইজ্জদ্দিন আল জাবেরী।

জানাজার আগে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট আব্দুল মান্নান মুন্সী, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সী, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও চরপাতা মজিবুল হক একাডেমির প্রধান শিক্ষক মজনু প্রমুখ।

এ সময় মরহুমের ছোট ভাই রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ ভারত থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যুক্ত হয়ে সবার কাছে তাঁর ভাইয়ের জন্য দোয়া চান।

এর আগে ঢাকার আবাহনী ক্লাবে হারুনুর রশিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে দ্বিতীয় জানাজার পর সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির সামনের মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার চরপাতা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। রাজনীতির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও তার পরিচিতি ছিল। তিনি ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঁচবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পরিবার সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হারুনুর রশিদ। কয়েক দিন ধরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

source: Asia Post

Back to top button