নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

নোয়াখালী পৌরসভায় এক প্রবাসীর বাড়িতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির সময় আনোয়ার হোসেন টিটু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসমেত একটি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সহযোগী পালিয়ে যায়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নোয়াখালী পৌরসভার মাইজদী এলাকার হক ম্যানশন ভবনের চতুর্থ তলায় এক প্রবাসীর বাসায় এই চাঁদাবাজির ঘটনা ঘটে।
পরে রাত ৮টায় সুধারাম মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।
গ্রেপ্তার টিটুর বিরুদ্ধে আগে থেকেই বেগমগঞ্জ মডেল থানায় ৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, প্রবাসীর বাসায় কয়েকজন যুবক অস্ত্রসহ চাঁদাবাজির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশ বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদকসহ টিটুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়া দুই যুবককে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।
source: Asia Post







