
নোয়াখালীর প্রত্যন্ত জনপদে জন্ম। শৈশব-কৈশোরের মাটির গন্ধ বুকে নিয়েই রাজনীতির পথে যাত্রা। উচ্চ বিদ্যালয়ের ছাত্রজীবনেই হাতে খড়ি ছাত্ররাজনীতিতে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশকে অভ্যন্তরীণ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার স্বপ্নে, অধিকার ও মর্যাদার এক নতুন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে তিনি নিজেকে সমর্পণ করেছিলেন আজীবনের সংগ্রামে। যার মাঝে খুঁজে পাওয়া যায় নচিকেতার কাল্পনিক চরিত্র অনির্বাণের বাস্তবিক রূপ।
১৯৭৬ সালে চাপরাশির হাট উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় তাঁর সাংগঠনিক নেতৃত্বের পথচলা। সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতায় হয়ে ওঠেন কোম্পানীগঞ্জ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। পরবর্তী সময়ে দায়িত্ব পালন করেন থানা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবেও। ছাত্ররাজনীতির সেই শুরুর দিনগুলোই তাঁকে গড়ে তুলেছিল এক আপসহীন রাজনৈতিক কর্মী হিসেবে। যাঁর কাছে রাজনীতি ছিল ক্ষমতার সিঁড়ি নয়, বরং মানুষের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়ার হাসান আলী পাটওয়ারী বাড়ির সন্তান মোহাম্মদ আলাউদ্দিন আমৃত্যু লড়াই করে গেছেন স্বাধীনতার প্রকৃত অর্থ প্রতিষ্ঠার জন্য। তাঁর স্বপ্ন ছিল এমন এক রাষ্ট্র, যেখানে স্বাধীনতার অর্জন কেবল পতাকা ও মানচিত্রে সীমাবদ্ধ থাকবে না; রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থায় প্রতিফলিত হবে মানুষের মুক্তি, সাম্য, অধিকার এবং মর্যাদা। শ্রম, কর্ম ও পেশার প্রতিনিধিত্বশীল অংশীদারিত্বের ভিত্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠার আদর্শ তিনি ধারণ করেছিলেন হৃদয়ের গভীরে। সেই বিশ্বাসের প্রশ্নে ছিলেন অবিচল, সেই স্বপ্নের পথে ছিলেন নিরন্তর সংগ্রামী।
জীবনযাপনে ছিলেন সাদামাটা, আদর্শে ছিলেন দৃঢ়। কোনো আড়ম্বর নয়, কোনো আত্মপ্রচার নয়; মানুষের পাশে থাকা, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের জন্য লড়াই করাই ছিল তাঁর রাজনৈতিক জীবনের পরিচয়। এমন মানুষের জীবন কেবল ব্যক্তিগত জীবনের গল্প নয়, বরং আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়া এক অনুচ্চারিত শিক্ষা। তাঁর সংগ্রাম মনে করিয়ে দেয়, ইতিহাসের বড় পরিবর্তনগুলো অনেক সময় গড়ে ওঠে নিভৃত জনপদের সাধারণ মানুষের অসাধারণ আত্মত্যাগে।
গত ৩০ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করেন মোহাম্মদ আলাউদ্দিন। জন্মভূমির মানুষের কাছে তিনি ছিলেন প্রিয় আলাউদ্দিন নেতা। সেই পরিচয়ের মধ্যেই মিশে ছিল মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতি।
শেষ পর্যন্ত নিজ জন্মভ‚মির পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। যে মাটিতে তাঁর জন্ম, যে জনপদের মানুষের অধিকার ও মুক্তির স্বপ্ন নিয়ে তিনি আজীবন লড়েছেন, সেই মাটিতেই ফিরে গেলেন তিনি। থেমে গেল একজন সংগ্রামী মানুষের জীবনের স্পন্দন, কিন্তু থেমে গেল না তাঁর লালিত আদর্শের যাত্রা।
মোহাম্মদ আলাউদ্দিনের প্রস্থান একটি জীবনের অবসান, কিন্তু তাঁর সংগ্রাম, বিশ্বাস ও স্বপ্নের অবসান নয়। মাটির মানুষের হৃদয়ে, মুক্তির আকাক্সক্ষায় এবং ন্যায়ভিত্তিক গণতন্ত্রের প্রত্যাশায় তিনি বেঁচে থাকবেন দীর্ঘকাল।






