লক্ষ্মীপুরে অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেল ছেলের

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় করে অসুস্থ মাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় আহত হোন ছেলে মো. হেলাল (৩৮)। এদিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার আথাকরা বাজার থেকে নোয়াখালীর মাইজদীতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আমিন উদ্দিন জমদ্দার বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় আথাকরা বাজারে চায়ের দোকান চালাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন হেলালের মা স্ট্রোক করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর মাইজদীতে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরিবারের সদস্যদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন হেলাল। পথে স্থানীয় মুন্সী রাস্তার আগে সড়কের পাশে থাকা বাঁশবোঝাই একটি গাড়ি থেকে ছিটকে আসা বাঁশ তার চোখে ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হন। চোখে বাঁশের অংশ বিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে চোখ থেকে বাঁশের অংশ বের করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ দুর্ঘটনায় হেলালের মা, বোন ও মেজো ভাবিও আহত হন। তারা নোয়াখালীর মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, হেলাল আথাকরা বাজারের পরিচিত মুখ ছিলেন। খুব ভালোমানুষ ছিলেন তিনি। নিজের অসুস্থ মাকে চিকিৎসকের কাছে নিতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হবে।
source: Asia Post







