News

সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী

সৌদি আরবের বিভিন্ন শহরের বিমানবন্দরে হামলা শুরুর পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত ১৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২২ হাজার ৭২১ জন যাত্রী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।

সাকিব জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২২ হাজার ৭২১ জন যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইউএস বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ইন্ডিগো এয়ারলাইনসের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের ৮টি ও এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। এতে বগুড়ার শাহজানপুরের মো. শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুই জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।

source: Asia Post

Back to top button