‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গত ২৮ অক্টোবর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বক্তব্যে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার করেছেন। এ বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে এর ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যের ব্যাখা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া আমার (শিক্ষামন্ত্রীর) বক্তব্যে ব্যবহৃত একটি শব্দের সংশোধন ও বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করতে চাই। সেদিনের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তার এই অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করার প্রসঙ্গে আমি কথা বলেছিলাম। সমাজে তারা অনেকেই অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে তাদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল আমার বক্তব্যের মূল কথা।
বক্তব্যের সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছি। এখানে আমার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ ও তাদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।
source: Asia Post







