News

পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির পাইপ দিয়ে গ্যাস নির্গত হচ্ছে। পাইপের মুখে দিয়াশলাই বা লাইটার ধরাতেই জ্বলে উঠছে আগুন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। ভূগর্ভে প্রকৃত গ্যাসের কোনো মজুত রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের ভাসাই বাজারে এ দৃশ্য দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখের দোকানের সামনে স্থাপিত পাম্পটির পাইপের মুখে লাইটার ধরালে আগুন জ্বলে উঠতে দেখা যায়।

কামরুল শেখ জানান, বিভিন্ন মাছের গাড়িতে পানি সরবরাহের জন্য প্রায় এক বছর আগে ২৮০ ফুট গভীরতায় সাবমারসিবল পাম্পটি স্থাপন করেন তিনি। গত এক সপ্তাহ ধরে পাম্প থেকে পানি কম উঠছিল। সন্দেহ বা কৌতূহল থেকে বুধবার রাতে পাইপের মুখে লাইটার ধরালে আগুন জ্বলে ওঠে। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সেখানে লোকজন ভিড় জমাচ্ছেন।

স্থানীয় যুবক শিহাব শেখ বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে তিনি আগুন জ্বলার সত্যতা দেখেছেন। ভূগর্ভে সত্যিই গ্যাস রয়েছে কি না, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষার দাবি জানান তিনি। গ্যাস মজুতের সন্ধান পাওয়া গেলে তা দেশের অর্থনীতির জন্য সম্ভাবনাময় হতে পারে বলেও মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার তহশিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শুক্রবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে পাইপ দিয়ে বের হওয়া গ্যাসের প্রকৃতি ও মূল উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি প্রাকৃতিক গ্যাস নাকি জৈব গ্যাস, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ দলের পরীক্ষা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button