News

পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গত ১৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বারিধারার একটি বাসায় এই বৈঠক হয় বলে দাবি করেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁন উল্লেখ করেন, ১৬ অক্টোবর মাগরিবের নামাজের পর বারিধারার একটি বাসায় ভারতীয় ওই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও দলটির অন্য এক শীর্ষ নেতা এ টি এম মা’ছুমসহ মোট তিনজন।

পোস্টে প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, যারা নিয়মিত ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, তারা কী কারণে এবং কোন স্বার্থে ভারতীয় একজন উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিলেন?

তিনি আরও মন্তব্য করেন, কোনো রাষ্ট্রদূতের সঙ্গে স্বাভাবিক বৈঠক এবং দেশের উচ্চপর্যায়ের কোনো গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করা একই বিষয় নয়।

রাশেদ খান বলেন, মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতিতে বিশ্বাসী হয়ে থাকেন, তবে দেশবাসীর সামনে এই গোপন বৈঠকের বিষয়টি অনতিবিলম্বে পরিষ্কার করবেন।

ব্যাখ্যা না দিলে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে জামায়াত যুক্ত রয়েছে বলে ধরে নেওয়া হবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের প্রথম ধাপ হিসেবে দলটিকে সাথে নিয়ে মাঠে নামার নানা পরিকল্পনা করা হচ্ছে।

source: Asia Post

Back to top button