News

নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কক্ষের জানালার গ্রিল কেটে ৮ থেকে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার মাইজদী শহরের মধুসূদনপুর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে এ চুরির ঘটনা ধরা পড়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন অফিসের কাজ শেষে ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও কাঠের লকারে হাসপাতালের আয়ের নগদ টাকা রেখে তালা দিয়ে বাসায় চলে যান। পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্ষে ঢুকে তিনি কাগজপত্র ছড়ানো-ছিটানো এবং ড্রয়ারের তালা ভাঙা দেখতে পান।

পরে ৮ থেকে ৯ লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে হাসপাতালের পরিচালক ফারুক আল হুসাইন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

source: Asia Post

Back to top button