News

৫ দাবিতে আজ থেকে সারা দেশে চলছে অনির্দিষ্টকালের অ্যাম্বুল্যান্স ধর্মঘট

পাঁচ দফা দাবিতে আজ বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি অ্যাম্বুল্যান্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সংগঠনের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক বাদল মাদবরের সই করা এক যৌথ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে দেশের কোথাও কোনো বেসরকারি অ্যাম্বুল্যান্স চলবে না। পাঁচ দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলমান থাকবে বলেও জানান তিনি।

অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতির ৫ দফা দাবিগুলো হলো—

১. অ্যাম্বুল্যান্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা দ্রুত বাস্তবায়ন করা।

২. দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুল্যান্সের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা।

৩. হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুল্যান্সের কাছ থেকে টোল আদায় বন্ধ করা (টোল ফ্রি বাস্তবায়ন)।

৪. লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুল্যান্সের ওপর থেকে সব ধরনের টোল সম্পূর্ণ মওকুফ করা।

৫. রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সে ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহের নিরবচ্ছিন্ন ব্যবস্থা করা।

source: The Daily Campus

Back to top button