News

বিএনপি নেতার বক্তব্য শেষে শিক্ষার্থীদের ‘জয় বাংলা’ স্লোগান

বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা ইউনুস আলী খান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও আনন্দ উৎসব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে স্লোগানটি দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে আমতলী উপজেলার মহিষকাটা ইউনুস আলী খান ডিগ্রি কলেজের মিলনায়তনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমতলী উপজেলা বিএনপির একাধিক নেতা প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দীন ফকির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার পর উপস্থিত শিক্ষার্থীদের একটি অংশ স্লোগান দিচ্ছে। ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাচ্ছে বলে দাবি করা হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দীন ফকির জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছেন। বিষয়টি নিয়ে কলেজের কয়েকজন প্রভাষকের সঙ্গেও কথা বলেছেন। যেসব শিক্ষার্থী এ ধরনের স্লোগান দিয়েছে বলে দাবি করা হচ্ছে, তাদের শনাক্ত করতে বলা হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুহিন মৃধা বলেন, পেছনে হৈ-হুল্লোড় হয়েছে বলে তিনি শুনেছেন। তবে ‘জয় বাংলা’ স্লোগান শুনতে পাননি। তার ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিওটি সম্পাদনা করা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, তারা সামনে ছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি তিনি দেখেছেন।

কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া জানান, এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়েছে বলে তিনি শোনেননি। প্রধান অতিথি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের একটি ভিডিও দেখেছেন। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button