হাসপাতালে অনুদানের অর্থ ‘অপব্যবহার’, শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শ্রীলঙ্কার একটি শিশু হাসপাতালের জন্য সংগ্রহ করা অনুদানের অর্থ ‘অপব্যবহারের’ অভিযোগে দেশটির সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকশে গ্রেপ্তার হয়েছেন। সিঙ্গাপুর থেকে শ্রীলঙ্কায় ফেরার দুই দিন পর গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
বিবিসির খবরে বলা হয়, বুধবার (৭ অক্টোবর) শ্রীলঙ্কার দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ কলম্বোর বাসভবন থেকে ৭৩ বছর বয়সী শিরান্থিকে গ্রেপ্তার করে। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশের স্ত্রী।
সিরিলিয়া সাভিয়া নামের একটি দাতব্য সংস্থার সংগ্রহ করা এক কোটির বেশি শ্রীলঙ্কান রুপি (৩০ হাজার ৩০০ মার্কিন ডলার) অনুদানের বিষয়ে শিরান্থিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই অর্থ কলম্বোর লেডি রিজওয়ে শিশু হাসপাতালের জন্য একটি বিশেষায়িত স্ক্যানার কিনতে ব্যয় করার কথা ছিল।
তবে কর্মকর্তারা জানান, একই ধরনের একটি স্ক্যানার চীন সরকার এরই মধ্যে অনুদান হিসেবে দিয়েছে। অন্যদিকে কোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন শিরান্থি রাজাপাকশে। তিনি বলেছেন, ওই অর্থ আত্মসাৎ করা হয়নি।
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা শিরান্থি গত সোমবার শ্রীলঙ্কায় ফেরেন। গ্রেপ্তার এড়াতে তিনি আদালতে আবেদন করেছিলেন। তবে ওই আবেদনের শুনানির তারিখ আগামী ১২ অক্টোবর নির্ধারণ করা হয়। এর মধ্যেই বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশের মুখপাত্র মনোজ গামাগে বলেছেন, ওই অর্থ দাতব্য সংস্থা সিরিলিয়ার ব্যাংক হিসাবে নিরাপদই আছে এবং কোনো জালিয়াতি হয়নি।
মাহিন্দা রাজাপক্ষে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘ সময় ধরে তার পরিবার দেশটির রাজনীতিতে শক্তিশালী প্রভাব বজায় রেখেছিল। প্রথম মেয়াদে ২০০৯ সালে তামিল টাইগার বিদ্রোহীদের পরাজিত করে প্রায় তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটানোর কারণে অনেকেই তাকে নায়ক হিসেবে অভিহিত করেছিলেন।
তবে ২০২২ সালে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পাশাপাশি শ্রীলঙ্কায় জ্বালানি, খাদ্য ও ওষুধের সংকট দেখা দিলে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। সে সময় প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মাহিন্দার ভাই গোতাবায়া রাজাপাকশেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হন।
source: Rajneete






