ইউএনওর কার্যালয়ে তালা, মামলার পর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাকে পরিকল্পিত বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আতিকুর রহমান বলেন, সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে বলে তারা মনে করেন।
তিনি আরও বলেন, মামলা করে অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ দমিয়ে রাখা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে, সোমবার (১২ অক্টোবর) সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের অপসারণ দাবিতে তার কার্যালয় ঘেরাও করেন এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন বিভিন্ন সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষ।
এ ঘটনায় সোমবার রাতে গোদাগাড়ী মডেল থানায় মামলা করে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
এদিকে সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ এবং এ ঘটনায় দায়ের করা মামলাকে কেন্দ্র করে গোদাগাড়ীতে প্রশাসন ও এনসিপির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
source: Asia Post







