News

পাথর কাটা শ্রমিকদের ৮৯ শতাংশ ভুগছেন দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের জটিলতায়

পাথর কাটায় যুক্ত শ্রমিকদের শ্বাসতন্ত্রের জটিলতা নিয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে। উত্তরের জেলা লালমনিরহাটের পাথর কাটার কারখানার ৮৯ শতাংশ শ্রমিক দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন। একই সঙ্গে চালকল শ্রমিকদের ৫২ শতাংশের বেশি অন্তত একটি শ্বাসতন্ত্রের উপসর্গ নিয়ে চলছেন। যা সাধারণ মানুষের তুলনায় তিনগুণের বেশি।

বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারেরেসপিরেটরি মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. মাহমুদুর রহমান চৌধুরী ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত বিভাগের ২১টি গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন।

এতে জানানো হয়, লালমনিরহাটের পাথর কাটার কারখানার শ্রমিকদের ৮৯ শতাংশের দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের উপসর্গ রয়েছে। রংপুরের চালকল শ্রমিকদের মধ্যে ৫২ দশমিক ৩ শতাংশের মাঝে অন্তত একটি শ্বাসতন্ত্রের উপসর্গ রয়েছে। যেখানে ধুলার সংস্পর্শে না থাকা মানুষের মধ্যে এ হার ১৭ দশমিক ৬ শতাংশ।

সেমিনারে আরও জানানো হয়, ঢাকার অদূরে গাজীপুরের কালিয়াকৈরে এক হাজার প্রাপ্তবয়স্কের মধ্যে ২২ দশমিক ৪ শতাংশের শ্বাসতন্ত্রের উপসর্গ রয়েছে। বেশি বয়স, ধূমপান ও প্রচলিত দূষণকারী রান্নার পদ্ধতি ছিল উল্লেখযোগ্য ঝুঁকির কারণ।

এ সময় ফেজ-বি রেসিডেন্ট ডা. তাসনিম আফরীন জ্যোতি বিভাগের বিরল ও ব্যতিক্রমী বিভিন্ন কেস উপস্থাপন করেন। শুধু সাধারণ রোগের কথা না ভেবে রোগ নির্ণয়ের সময় এ ধরনের বিরল রোগের কথাও মাথায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রেসপিরেটরি মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. মানাল মিজানুর রহমান অক্সিজেন সরবরাহের নতুন যন্ত্রের সম্ভাবনা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

এ সময় থোরাসিক সার্জারির অধ্যাপক ও সিএইচএবির সহসভাপতি ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া চিকিৎসাবিজ্ঞানে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন এবং বায়োমেডিকেল প্রকৌশলে গবেষণা বাড়ানোর তাগিদ দেন।

source: Asia Post

Back to top button