News

স্থানীয় সরকার নির্বাচন শুরুর তারিখ জানা যাবে সোমবার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি আগামী সোমবার (১২ অক্টোবর) চূড়ান্ত হবে। এরপর এই নির্বানের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

অর্থাৎ কোন সময়সীমায় এবং কয়টি ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তার রূপরেখা এদিন তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, আগামী সোমবার কমিশনের সভা রয়েছে। ওই সভাতেই স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করে তা জানানো হবে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে প্রবাসী ভোটিং বা প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার বিষয়ে আন্তর্জাতিক আগ্রহের কথা তুলে ধরে ইসি সানাউল্লাহ বলেন, বাংলাদেশের প্রবাসী ভোটিং ব্যবস্থা পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে নেপাল। আমাদের দেশের মতো প্রবাসীদের জন্য ভোটাধিকার সুবিধা চালু করতে চাচ্ছে নেপালের নির্বাচন কমিশন।

এ ছাড়া ডিজিটাল ক্যাপাসিটি ও ভোটার ট্রেনিংসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করতে আগ্রহী বলে জানান ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ।

source: Asia Post

Back to top button