বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে টেকসই ও সবার জন্য বাসযোগ্য নগর গড়ে তোলার আহ্বান

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৬।
সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে টেকসই, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সবার জন্য বাসযোগ্য নগর গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, দেশের দ্রুত নগরায়ণের বাস্তবতায় পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন এখন সময়ের অন্যতম দাবি। নগর উন্নয়নের সুফল যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সমানভাবে ভোগ করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ুসহনশীল অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে একটি মানবিক ও আধুনিক নগর-বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, নগর উন্নয়ন কেবল ভৌত অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের জীবনযাত্রার মান, নিরাপদ আবাসন, নাগরিক সেবা, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন ওতপ্রোতভাবে জড়িত। তাই সমন্বিত পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সর্বত্তম ব্যবহার নিশ্চিত করে নগর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হবে।
সরকারের অভীষ্ট লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে দেশের প্রতিটি নাগরিক নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসনের পাশাপাশি উন্নত নাগরিক সুবিধার সুফল পাবে।
বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী টেকসই নগরায়ণ ও সর্বজনীন আবাসন বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিই) এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
source: Asia Post







