রাবির ঘটনায় তদন্তে ছাত্রদলের কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রদলের হামলার ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। রোববার (৪ অক্টোবর) ছাত্রদলের প্যাডে কেন্দ্রীয় দপ্তর সম্পদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্তের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এ. বি. এম. ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদের নেতৃত্বে দুই (২) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্ত করে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিত করা তদন্ত কমিটির ওই বিজ্ঞপ্তিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এর আগে, রাত সাড়ে ৮টার দিকে রাবি ক্যাম্পাসে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনের ঘটনা এটি।
গুরুতর আহত সাংবাদিকেরা হলেন আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান ও দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।
অন্যদিকে হামলাকারীরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী এ হামলায় অংশ নেন।
source: Asia Post







