News

বিচার বিভাগে সরকারি হস্তক্ষেপের ফলে আখতারুজ্জামান জামিন পাননি: জামায়াত

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে বাকবিতণ্ডার জেরে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন না হওয়া এবং কারাগারে ডিভিশন না দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সরকারের রাজনৈতিক আক্রোশ ও বিচার বিভাগে সরাসরি হস্তক্ষেপের কারণেই তার জামিন মেলেনি।

রোববার (৪ অক্টোবর) বিকেলে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দীর্ঘ বিলম্বের মতো অব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন তোলায় প্রতিশোধমূলকভাবে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতে যোগদানের কারণেই সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের নির্দেশে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, একজন ৭৫ বছর বয়সী অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হওয়া সত্ত্বেও তাকে আদালতে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে উপস্থাপন করা হয়েছে। গ্যাজেট জমা দেওয়া সত্ত্বেও তাকে প্রথম শ্রেণির ডিভিশন কিংবা প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা দেওয়া হয়নি। সরকারের চাপের কারণেই বিচারক ও কারা কর্তৃপক্ষ এই পদেক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর ভূমিকার কঠোর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, মধ্যরাতে বিমানবন্দরে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে মন্ত্রী তার শপথ ভঙ্গ করেছেন। অব্যবস্থাপনার সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং একজন দুঃখ প্রকাশ করা কর্মকর্তাকে দিয়ে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করানো হয়েছে।

একই সাথে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি সমর্থিত আইনজীবীরা সেখানে মব সৃষ্টি করে আখতারুজ্জামানের আইনজীবী, স্বজন ও নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সাবেক আওয়ামী শাসনামলের মতো একই ধরনের ফ্যাসিবাদী আচরণ এখন দেখা যাচ্ছে।

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে উল্লেখ করে জামায়াত নেতা সতর্ক করেন, আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি না দিলে প্রবাসীরা ‘রেমিট্যান্স শাটডাউন’-এর মতো কঠোর কর্মসূচি দিতে পারেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেজর (অব.) আখতারুজ্জামানের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button