News

এখনই সরকারকে ফেলে দেওয়ার সময় আসেনি: আব্দুস সালাম

এখনই এই সরকারকে ফেলে দেওয়ার সময় আসেনি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তিনি বলেন, এখনই এক দফায় যাওয়ার মতো সময় আসেনি, আপনারা ধৈর্য ধরুন।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস পরিচ্ছন্ন ও সবুজ রাখতে দিনব্যাপী ‘ক্লিন ডে’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এনসিপির উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ডিএসসিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ১৭ বছর পরে গণতান্ত্রিক পথে আমরা হাঁটা শুরু করেছি। এখনই এই সরকারকে ফেলে দেওয়ার সময় আসেনি। এখনই এক দফায় যাওয়ার মতো সময় আসেনি, আপনার ধৈর্য ধরুন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের বিভিন্ন আন্দোলন ও পরিবর্তনে পথ দেখিয়েছে। পরিচ্ছন্নতা অভিযান একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বায়ুদূষণ ও অপরিচ্ছন্নতার কারণে ঢাকা বিশ্বে বিব্রতকর অবস্থায় থাকে মন্তব্য করে আব্দুস সালাম বলেন, এ পরিস্থিতি পরিবর্তনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।

source: Asia Post

Back to top button