News

মাশরাফি-জয়া-শাওন ও মুন্নীসহ ৯০ জনের বিরুদ্ধে দুদকে অনুসন্ধানের আবেদন

নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সরকারি অর্থ ও সুযোগ-সুবিধার অপব্যবহারের অভিযোগে সাংস্কৃতিক, গণমাধ্যম, ক্রীড়া ও শিক্ষা অঙ্গনের ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের আবেদন করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)। অভিযুক্তদের মধ্যে ক্রিকেটার ও সাবেক সাংসদ মাশরাফি বিন মুর্তজা, সাবেক সাংসদ ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সাংবাদিক মুন্নী সাহার নামও রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’-এর সভাপতি আ ন ম আয়াসের নেতৃত্বে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে সংস্থাটির চেয়ারম্যান বরাবর এ আবেদন জমা দেন। আবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়, সম্পদ, ব্যাংক লেনদেন, সরকারি অনুদান ও বিভিন্ন আর্থিক সুবিধা গ্রহণের তথ্য যাচাইয়ের অনুরোধ করা হয়েছে।

রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াস জানিয়েছেন, তাদের আবেদনটি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুদক সচিব। দুদকের কাছে দেওয়া তালিকায় বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের ৫০ জন, গণমাধ্যমের ১১ জন, ক্রীড়াঙ্গনের ৬ জন এবং শিক্ষাঙ্গনের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদসহ ২৪ জনের নাম রয়েছে বলেও জানান তিনি।

রাষ্ট্রসংলাপ ফোরামের আবেদনে বলা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংগঠন, গণমাধ্যম, ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন, সরকারি অর্থ ও সুযোগ-সুবিধার অপব্যবহার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে।

অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধ আয়ের সঙ্গে তাদের দৃশ্যমান সম্পদ ও জীবনযাত্রার সামঞ্জস্য রয়েছে কি না, সম্পদের উৎস, ব্যাংক ও অন্যান্য আর্থিক লেনদেন, সরকারি অনুদান, বিভিন্ন প্রকল্প ও প্রাতিষ্ঠানিক আর্থিক সুবিধা গ্রহণ এবং এসব অর্থের ব্যবহার খতিয়ে দেখা প্রয়োজন।

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিদের কেউ কেউ আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংস কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থায়ন, সহযোগিতা অথবা অন্যান্য সুবিধা দিয়ে থাকতে পারেন। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে আবেদনকারীরা উল্লেখ করেছেন।

দুদক সচিব মো. সাইদুর রহমান খানের কাছে আবেদন জমা দিচ্ছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)। ছবি: এসডিএফের সূত্রে পাওয়া
দুদক সচিব মো. সাইদুর রহমান খানের কাছে আবেদন জমা দিচ্ছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)। ছবি: এসডিএফের সূত্রে পাওয়া

তালিকায় বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের অভিযুক্ত তারকাদের মধ্যে ৫০ জনের নাম রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অরুণা বিশ্বাস, শমী কায়সার, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, সাইমন সাদিক, জায়েদ খান, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্রা, তারানা হালিম, স্বাধীন খসরু, লিয়াকত আলী লাকি, মামুনুর রশীদ ও লিমন আহমেদ (বিনোদন সাংবাদিক)।

গণমাধ্যম-সংশ্লিষ্ট অভিযুক্তদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, মুন্নী সাহা, সুভাষ সিংহ রায়, সৈয়দ ইশতিয়াক রেজা, আহমেদ জোবায়ের, নাসিমা খান মন্টি, প্রণব সাহা, জহিরুল ইসলাম মামুন, আশরাফুল আলম খোকন, সোমা ইসলাম ও মানজুরুল ইসলাম পান্নার নাম রয়েছে।

ক্রীড়াঙ্গনের তালিকায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাঈমুর রহমান দুর্জয়, কাজী নাবিল আহমেদ, আরিফ খান জয় এবং বাফুফের সাবেক সভাপতি কাজী মো. সালাহউদ্দীনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শিক্ষা অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল, একই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রব্বানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও অধ্যাপক ড. মীজানুর রহমান, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুধাংশু শেখর গায়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে’সহ আরও বেশ কয়েকজনের নাম রয়েছে।

source: Asia Post

Back to top button