নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেডে (কেএসওয়াই) নির্মিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’ আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) টাগবোটটির লঞ্চিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ।
‘টিয়াখালী-৪’ পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য নির্মিত ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন দুটি টাগবোটের দ্বিতীয়টি। সিঙ্গাপুরের Navnautic Private Limited-এর নকশায় এবং Bureau Veritas (BV)-এর তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়েছে।

টাগবোটটির দৈর্ঘ্য ৩৭ মিটার, ডিসপ্লেসমেন্ট ১ হাজার ১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। এতে আধুনিক Z-Drive Propulsion System রয়েছে। পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং ও নিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি অগ্নিনির্বাপণ, উদ্ধার অভিযান, পানির নিচে জরিপ এবং স্যালভেজ কার্যক্রমেও টাগবোটটি ব্যবহার করা হবে।
দেশীয় প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দক্ষ জনবলের সমন্বয়ে ‘টিয়াখালী-৪’ নির্মাণ দেশের জাহাজ নির্মাণ শিল্পে নিজস্ব সক্ষমতা ও কারিগরি উৎকর্ষের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, টাগবোটটি পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করবে। একই সঙ্গে দেশের সামুদ্রিক অবকাঠামোর উন্নয়ন ও ব্লু ইকোনমিতে এর ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
source: Asia Post







