ডিএমপির আদালতে নিষ্পত্তি ৯ হাজার ৩০৭ মামলা

রাজধানীতে অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
চলতি বছরের জুলাই মাসে এসব আদালতে মোট ৯ হাজার ৩০৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এরমধ্যে ৫ হাজার ৮৯০টি ফৌজদারি এবং ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা রয়েছে।
সোমবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, জুলাই মাসে মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের আওতায় পরিচালিত সংক্ষিপ্ত বিচার কার্যক্রমে মোট ৫ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় মোট ১০ হাজার ৪৩৭ জন আসামিকে আদালতে হাজির করা হয় এবং তাদের মধ্যে ৬ হাজার ৮৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে ফৌজদারি মামলায় আদালত ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। পাশাপাশি নিলাম ও বাজেয়াপ্তের মাধ্যমে আরও ২ লাখ ৫৮ হাজার ২৩০ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, জুলাই মাসে মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপির সমন্বয়ে ৩৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।
অন্যদিকে, ট্রাফিক আইন বাস্তবায়নেও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম অব্যাহত ছিল। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জুলাই মাসে ১ হাজার ৩৪০টি মামলা দায়ের করা হয় এবং এসব মামলায় সমসংখ্যক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। একই সময়ে ট্রাফিকসংক্রান্ত মোট ৩ হাজার ৪১৭টি মামলা নিষ্পত্তি করে আদালত মোট ৮ লাখ ২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
ডিএমপির ভাষ্যমতে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিভিন্ন অপরাধের দ্রুত বিচার নিশ্চিত হওয়ায় মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি অপরাধীদের মধ্যে আইনের প্রতি ভীতি সৃষ্টি হচ্ছে, যা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছে সংস্থাটি।
source: Asia Post







