ইনস্টাগ্রামের ছবি-ভিডিও ফোনে সেভ করবেন যেভাবে

বর্তমানে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি ইনস্টাগ্রাম। শুরুতে শুধু ছবি পোস্ট করার সুযোগ থাকলেও সময়ের সঙ্গে এতে যুক্ত হয়েছে ভিডিও, রিলস ও স্টোরিসহ নানা সুবিধা।
অনেক সময় ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও পোস্ট করার পর ফোনের জায়গা খালি করতে সেগুলো ডিভাইস থেকে মুছে ফেলেন ব্যবহারকারীরা। পরে প্রয়োজন হলে আবার সেই ছবি বা ভিডিও ফোনে সেভ করার প্রয়োজন হতে পারে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি ও ভিডিও সহজেই ফোনের গ্যালারিতে সেভ করা যায়। একইভাবে ব্যবহারকারী নিজের প্রকাশ করা স্টোরির ছবিও ভিডিও ফোনে রাখতে পারেন। কীভাবে কাজটি করবেন, তা ধাপে ধাপে দেখে নেওয়া যাক।
পোস্ট করা ছবি ও ভিডিও ফোনে সংরক্ষণ
প্রথমে ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। পর্দার নিচের ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইলে প্রবেশ করুন।
এবার আপনার পোস্ট করা ছবি বা ভিডিওগুলোর মধ্যে যেটি ফোনে সংরক্ষণ করতে চান, সেটি নির্বাচন করুন।
এরপর শেয়ার করার বোতামে ট্যাপ করুন। সেখানে থাকা ‘ডাউনলোড’ অপশনে ট্যাপ করুন।
এরপর ছবিটি বা ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
পোস্ট করা ছবি-ভিডিও অটো সেভ
প্রতিবার আলাদাভাবে ডাউনলোড না করে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি ও ভিডিও সয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেভ করার ব্যবস্থাও রয়েছে।
এ জন্য প্রথমে নিজের প্রোফাইলে গিয়ে ওপরের ডান দিকে থাকা আরও অপশনের মেনুতে ট্যাপ করতে হবে। এরপর ‘ইওর অ্যাপ অ্যান্ড মিডিয়া’ অংশে গিয়ে ‘আর্কাইভিং অ্যান্ড ডাউনলোডিং’ অপশনে প্রবেশ করুন। সেখানে ‘সেভিং টু ক্যামেরা রোল’ অপশনটি চালু করে দিলেই পোস্ট করা ছবি ও ভিডিও ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হবে।
স্টোরির ছবি ও ভিডিও ফোনে সংরক্ষণ
ইনস্টাগ্রামে আপলোড করা নিজের স্টোরির ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ করে রাখা যায়।
এ জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে স্টোরি অংশের ওপরের বাঁ দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এরপর যে স্টোরিটি ফোনে সেভ করতে চান, সেটি আসা পর্যন্ত পর্দায় ট্যাপ করে এগিয়ে যান।
স্টোরিটি চালু হওয়ার পর নিচের বাঁ দিকে থাকা তিনটি বিন্দুর আরও অপশনে ট্যাপ করুন। এরপর ‘সেভ’ অপশনে ট্যাপ করলেই স্টোরির ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
source: Asia Post







