যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে চলতি সপ্তাহে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দাম জুলাইয়ের মাঝামাঝির পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধির পথে রয়েছে।
শুক্রবার ০১:০০ GMT পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫.৬৭ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৫৬ ডলারে লেনদেন হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। সরবরাহ নিয়ে এই অনিশ্চয়তাই তেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ।
গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭.১ শতাংশ। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯.৮ শতাংশ। এর ফলে ২০ জুলাইয়ে শেষ হওয়া সপ্তাহের পর চলতি সপ্তাহেই দুই বেঞ্চমার্কের তেলের দাম সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধির পথে রয়েছে।
source: Asia Post







