নেপালে টানা ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, নিহত ১২

নেপালে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মহাত জানান, ২৪ সেপ্টেম্বর থেকে বন্যা, ভূমিধস ও ভারী বৃষ্টির কারণে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে পালপায় একজন, বাগলুংয়ে চারজন এবং মিয়াগদিতে দুজন রয়েছেন।
আবহাওয়া পূর্বাভাস বিভাগ ভারী বৃষ্টি ও সম্ভাব্য দুর্যোগের সতর্কতা জারির পর কর্তৃপক্ষ প্রস্তুতি জোরদার করে। ঝুঁকির মাত্রা অনুযায়ী বিভিন্ন এলাকাকে লাল, অ্যাম্বার ও হলুদ সতর্কতার আওতায় আনা হয়। প্রস্তুতি ও উদ্ধার তৎপরতার জন্য স্থানীয় প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও স্থানীয় সরকারের কর্মীদের মোতায়েন করা হয়েছে।
পাহাড়ি এলাকায় বৃষ্টির পাশাপাশি ভারী তুষারপাতের সম্ভাবনা থাকায় পর্যটক ও ট্রেকারদের জন্যও পৃথক সতর্কতা জারি করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শান্তি মহাত। দেশের ৭৭টি জেলার প্রধান জেলা কর্মকর্তা, জেলা পুলিশ প্রধান, স্থানীয় সরকারের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
নিরাপদ স্থানে সরানো হয়েছে ১ হাজার ১০০ জনের বেশি
নওয়ালপুর, চিতওয়ান, পালপা ও পার্বতসহ কয়েকটি জেলায় বন্যা, নদীর তীর ভাঙন ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে।
পার্বত জেলায় বন্যার পানিতে কয়েকটি বাড়ি ভেসে গেছে। তবে সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সময়মতো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নওয়ালপরাসি এলাকায় ১,১০০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মিয়াগদি জেলায় উদ্ধারকাজে দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
দুর্যোগের পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া মানুষের কাছে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে স্থানীয় সরকার, জেলা প্রশাসন ও প্রাদেশিক সরকার সমন্বিতভাবে কাজ করছে।
শান্তি মহাত জানান, রোববার রাত পর্যন্ত দেশের কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে নদীর পানি আরও বাড়া, বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
source: Asia Post







