News

ফ্যাসিবাদী সময় দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধ ধ্বংস করা হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিগত ফ্যাসিবাদী সময়ে দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধ ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে শিশু-কিশোর সাময়িকী ‘শিশুবিচিত্রা’র সূচনা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বাংলাদেশপন্থার কাছে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিগত ফ্যাসিবাদী সময় দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করা হয়েছিল। তাই শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে বাংলাদেশপন্থার কাছে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, শুদ্ধ সাংস্কৃতিক জাগরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এ জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

শিশু-কিশোরদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও সাহিত্যচর্চাকে সমৃদ্ধ করার লক্ষ্যে ‘শিশুবিচিত্রা’ প্রকাশিত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের ডিভাইস ও পর্দানির্ভরতা কমিয়ে পাঠাভ্যাস গড়ে তুলতে এ ধরনের শিশুতোষ সাময়িকী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, শিশুদের বই ও সাহিত্যচর্চার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে দেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

শিশুদের ডিভাইস ও স্ক্রিননির্ভরতা কমিয়ে পাঠাভ্যাস তৈরীতে শিশুতোষ এই সাময়িকী বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক ও কবি জাকির আবু জাফর, শিশু গবেষক ও লেখক ফারহানা মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং শিশু বিচিত্রার উপদেষ্টা ও সাংবাদিক আবিদ আজম।

আবৃত্তিশিল্পী ওয়ালিজা বিনতে শামসের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু বিচিত্রার সম্পাদক ও শিশুসাহিত্যিক গাজী তানভীর আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. কবি তপন বাগচী, কথাসাহিত্যিক মনি হায়দার, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক ও লেখক গাজী জাহাঙ্গীর, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কবি আলম শামস এবং শিশুগ্রন্থ প্রকাশক দেওয়ান আজিজসহ আরও অনেকে।

source: Asia Post

Back to top button