News

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৪

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের পচেফস্ট্রুম এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জুয়েল আহমেদ (৪০) নামের এক প্রবাসী বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিভু সরকার নামের অপর এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পচেফস্ট্রুমের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে এক পরিচিত বাংলাদেশিকে পৌঁছে দিয়ে ক্লার্কসডর্পে ফিরছিলেন জুয়েল আহমেদ ও বিভু সরকার। পথে পচেফস্ট্রুম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ির সাথে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জুয়েল আহমেদ এবং অন্য গাড়িটিতে থাকা তিন শ্বেতাঙ্গ আরোহী।

দুর্ঘটনায় গুরুতর আহত বিভু সরকারকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জুয়েল আহমেদের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নাওজান গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে নর্থ ওয়েস্ট প্রদেশে বসবাস করছিলেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

source: Rajneete

Back to top button