হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাঁনপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং পার্শ্ববর্তী সতং এলাকার শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাদ্দিছ খান ও শেখ নয়ন মিয়া মোটরসাইকেলে করে পাইকপাড়া এলাকা থেকে রামগঙ্গা পর্যটন এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁনপুর চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোহাদ্দিছ খান ও শেখ নয়ন মিয়ার মৃত্যু হয়। টমটমে থাকা দুই যাত্রীও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। এ কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
source: Asia Post







