News

টেকসই উন্নয়নে সমুদ্রসম্পদকে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

টেকসই উন্নয়নে সমুদ্রসম্পদকে কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘আমাদের বিশাল সমুদ্রসম্পদ রয়েছে। দেশের টেকসই উন্নয়নে এ সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এজন্য আমরা ব্লু ইকোনমিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি।’

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সেকেন্ড চায়না-বাংলাদেশ রাউন্ডটেবল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘দেশের বিপুল জন সংখ্যাই আমাদের মূল সম্পদ। তাই এ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হলে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রবাসী কর্মীরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। তাদের যদি আমরা দক্ষ করে বিদেশে পাঠাতে পারি, তাহলে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এজন্য আমরা কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব দিচ্ছি।’

বর্তমানে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনমিতিক সুবিধাকে কাজে লাগানোর উপযুক্ত সময় বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘চীনে শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অত্যন্ত নিবিড় ও শক্তিশালী সম্পর্ক রয়েছে। আমাদের দেশেও এ ধরনের ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট ড. লি কাইশেং প্রমুখ বক্তব্য রাখেন।

source: Asia Post

Back to top button