সন্দ্বীপে শ্রমিক দল নেতাকে গুলি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবুল আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাট এলাকার নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা বাবুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনার পর তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের জানান, রাত দু্ইটার দিকে নাসির উদ্দীন বাবুলকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।
source: Asia Post







