নরসিংদীতে প্রকাশ্যে একজনকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুমন মিয়া (৩০) বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে প্রকাশ্যে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন মিয়া বাখরনগর বাজারে গেলে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন এ হত্যার ঘটনা ঘটিয়েছে জানালেও কারও নাম ঠিকানা জানাননি তারা।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নে স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সস্প্রতি এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসাও হয়। ধারনা করা হচ্ছে এ বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, নিজেদের মধ্যে স্থানীয় বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জেনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
source: Asia Post







