News

এক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, কাফরুলে বাসে আগুন

রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। এ ছাড়া কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে অন্যান্য বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর মালিবাগ রেল গেটসংলগ্ন ফরচুন শপিং মলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

শাহজাহানপুর থানা পুলিশ জানায়, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হলে সেগুলো রেল গেটসংলগ্ন এলাকায় বিস্ফোরিত হয়। এতে কেউ আহত হননি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা শুরু করেছে পুলিশ।

সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে একটি মাজারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।

বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির জানিয়েছেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে বিষয়টি দেখছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর কিছুক্ষণ পর যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আউটগোয়িং ফ্লাইওভারের ওপর থেকে যাত্রাবাড়ী থানার কম্পাউন্ডের দেয়ালসংলগ্ন এলাকায় দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।

এর প্রায় পাঁচ মিনিট পর ইনকামিং ফ্লাইওভারের ওপর থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হন। পরে যাত্রাবাড়ী থানা পুলিশের এক সদস্য তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, রাত ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক মালিক সমিতির একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খালি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।’

মিরপুর বিভাগের সহকারী কমিশনার আবুল বাসার মোল্ল্যা জানান, একটি বাস পোড়ানোর খবর পেয়েছেন। বিস্তারিত জানতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

এ ছাড়াও সন্ধ্যায় রাজধানীর মহাখালী ও রাত ১০টার দিকে রামপুরা বিটিভি ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তা ছাড়াও রাতে গুলিস্তানের বঙ্গবাজারের সামনে ও মগবাজার মসজিদের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা সিসি টিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা করছি।’

তবে রামপুরা টিভি ভবনের সামনে ও গুলিস্তানে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

source: Asia Post

Back to top button