News

মার্কিন সংস্থার ৫ মিনিটের মিটিংয়ে চাকরি গেল ৮০ ভারতীয় কর্মীর

একটি মার্কিন আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ভারতের ৮০ কর্মীকে মাত্র পাঁচ মিনিটের একটি গুগল মিটে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাকরি হারানো এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই পুরো ভারতীয় গ্রাহকসেবা দলকে চাকরিচ্যুত করা হয়েছে।

ওই কর্মীর দাবি, ঘটনার দিন তাদের ‘অপারেশনাল কারণে’ বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছিল। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কাজ শুরু করার পর প্রায় তিন ঘণ্টা কাজ করেন তারা। রাত সাড়ে ৯টার দিকে ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি ভার্চুয়াল বৈঠকে তাদের যুক্ত করেন। সেখানেই পুরো ভারতীয় গ্রাহকসেবা দলকে ছাঁটাইয়ের কথা জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ওই কর্মী লেখেন, ‘আমি একটি মার্কিন ব্যাংকের গ্রাহকসেবা দলে কাজ করতাম। গতকাল অপারেশনাল কারণে আমাদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছিল।’

এরপর রাত সাড়ে ৯টার দিকে গুগল মিটে ডেকে নেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘গুগল মিটে মাত্র পাঁচ মিনিটের একটি কলে আমাদের জানানো হয়, পুরো ভারতীয় গ্রাহকসেবা দলকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।’

ওই কর্মীর ভাষ্য অনুযায়ী, প্রায় ৮০ জন কর্মী চাকরি হারিয়েছেন। এতে তাদের সঙ্গে সংশ্লিষ্ট ৮০টি পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চাকরি হারানোর পর হতাশা প্রকাশ করে ওই কর্মী আরও বলেন, করপোরেট প্রতিষ্ঠানে কাজ করলেও যেকোনো সময় চাকরি চলে যেতে পারে—এমন বাস্তবতা তাকে হতাশ করেছে।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন। একপর্যায়ে একজন ব্যবহারকারী জানতে চান, কোন প্রতিষ্ঠান এই কর্মীদের ছাঁটাই করেছে। জবাবে ওই কর্মী ‘ব্লুভাইন’-এর নাম উল্লেখ করেন।

ব্লুভাইন একটি ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, যা ছোট ব্যবসার জন্য অনলাইন ব্যবসায়িক হিসাব, অর্থ পরিশোধের বিভিন্ন সুবিধা এবং ঋণসুবিধা দিয়ে থাকে।

তবে ছাঁটাইয়ের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ওই কর্মীর দাবি, ভারতীয় দলকে প্রত্যাশিত মাত্রায় কাজ দিতে না পারার অভিযোগে ছাঁটাই করা হয়েছে। তবে তিনি এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেন, চাকরির নিরাপত্তার কথা ভেবে ভারতীয় কর্মীরা নিয়মিত অতিরিক্ত পরিশ্রম করতেন।

তিনি অভিযোগ করেন, মার্কিন সময়ের কর্মীদের মধ্যে অনুপস্থিতি ও কাজের সময় ব্যবস্থাপনা নিয়ে সমস্যা বেশি থাকলেও ভারতীয় কর্মীদেরই দায়ী করা হয়েছে।

source: Asia Post

Back to top button