News

মন্দিরের মেহেদি পরলে এক বছরেই বিয়ে, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি

উপযুক্ত জীবনসঙ্গী মিলছে না, কিংবার বারবার ভেঙে যাচ্ছে বিয়ে? বিশ্বাস আর ভক্তির এমন এক অদ্ভুত সমীকরণ দেখা গেল ভারতের রাজস্থানের জয়পুরের ঐতিহ্যবাহী মোতি দুঙ্গরি গণেশ মন্দিরে।

বিশ্বাস করা হয়, এই মন্দিরের বিশেষ ‘সিঁজারা মেহেদি’ হাতে লাগালে সব বাধা কেটে যাবে। এবং মেহেদি লাগানোর ঠিক এক বছরের মধ্যেই মিলে যায় স্বপ্নের জীবনসঙ্গী! তাই তো মাত্র তিন ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় প্রায় তিন হাজার ৫০০ কেজি মেহেদি।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, প্রতি বছরের মতো এবারও গণেশ চতুর্থী উপলক্ষে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী সিঁজারা উৎসব। আর এই বিশেষ উৎসবকে কেন্দ্র করে গত ১৩ সেপ্টেম্বর জয়পুরের মোতি দুঙ্গরি গণেশ মন্দিরে দেখা যায় ভক্তদের অভূতপূর্ব ভিড়।

বহু কাঙ্ক্ষিত সেই বিশেষ মেহেদি সংগ্রহ করতে ভোর হওয়ার আগেই হাজার হাজার তরুণ-তরুণী ও ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। অতিরিক্ত মানুষের উপস্থিতির কারণে নির্ধারিত সময়ের বহু আগেই মেহেদি বিতরণ শুরু করতে বাধ্য হয় মন্দির কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্ট অনুযায়ী, উৎসবের দিন মাত্র তিন ঘণ্টার ব্যবধানে প্রায় ৩ হাজার ৫০০ কেজি মেহেদি ভক্তদের মাঝে বিতরণ করা হয়েছে। বিশেষ এই মেহেদির টানে কেবল জয়পুর নয়; দিল্লি, চণ্ডীগড়সহ ভারতের দূর-দূরান্তের বিভিন্ন শহর থেকে মানুষ ছুটে এসেছেন। এমনকি কাঙ্ক্ষিত মেহেদি পাওয়ার আশায় অনেকে আগের দিন রাত থেকেই মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মন্দিরের বাইরে মাইলের পর মাইল দীর্ঘ সারি ও মানুষের জটলা দেখা গেছে। হঠাৎ তৈরি হওয়া এমন জনস্রোতের কারণে আশপাশের পুরো এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে মারাত্মক যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে মন্দির প্রাঙ্গণে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। ভিড়ের তীব্র চাপে মহারাষ্ট্র থেকে আসা এক নারী ভক্ত ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন বলে প্রতিবেদন থেকে জানা গেছে।

ইন্টারনেটে এই অভূতপূর্ব দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা ও রসিকতা। ভাইরাল ভিডিও দেখে এক নেটিজেন রসিকতা করে মন্তব্য করেছেন, ‘সবাই যদি মেহেদি নিতে চলে যায়, তবে সালমান খান কোথায়?’

অন্য একজন লিখেছেন, ‘দেশে এত মানুষ অবিবাহিত থাকার পরও জনসংখ্যা কীভাবে এত দ্রুত বাড়ছে?’ তবে শুধু রসিকতাই নয়, বাস্তবমুখী পরামর্শ দিয়ে আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘জীবনসঙ্গী খোঁজার আগে নিজের ওপর কাজ করা এবং নিজেকে যোগ্য করে গড়ে তোলাই বুদ্ধিমানের কাজ।’

source: Asia Post

Back to top button