বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, ছাত্রদল-শিবিরের ক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
একই সঙ্গে নতুন কমিটি প্রত্যাখ্যান করে ক্ষোভ জানিয়েছে শাখা ছাত্রশিবির। নিষিদ্ধ সংগঠনটির কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম ক্যাম্পাসে হতে না দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিলে শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম শফিক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েবসহ বিভিন্ন হলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ বাকৃবিতে নতুন কমিটি ঘোষণা করেছে। সংগঠনটির কোনো প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বর্তমানে দৃশ্যমান না হলেও তাদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে তারা বদ্ধপরিকর। ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি সম্মান রেখে ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।
ছাত্রশিবিরও ছাত্রলীগের নতুন কমিটি প্রত্যাখ্যান করেছে।
শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈন বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের ছাত্ররাজনীতির প্রেক্ষাপট ও সাধারণ শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বদলে গেছে। বর্তমান বাংলাদেশে ছাত্রলীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। নতুন করে কমিটি ঘোষণা করলেও তা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের প্রভাবিত করবে না। বাকৃবির শিক্ষার্থীরাও এ কমিটি প্রত্যাখ্যান করবে।’
এর আগে একইদিন মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বাকৃবি শাখার নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এক বছরের জন্য অনুমোদন দেওয়া ওই কমিটিতে ইমরান সিদ্দিকী প্রান্তকে সভাপতি এবং মো. মুইন নাদিম আল মুনাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে মাহফুজ হক অভিকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং তামিম মাহমুদ আকাশকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহসভাপতি পদে রয়েছেন মো. রাকিবুল ইসলাম, মো. মেহেদী হাসান, শাহরিয়ার খন্দকার ও মো. খালেদ হাসান।
এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।
source: Asia Post







