News

এনআইডি-সিডিআর-জন্মনিবন্ধন বিক্রির অভিযোগে সিটিটিসির হাতে যুবক গ্রেপ্তার

অমিত পাল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জন্মনিবন্ধন, এসএমএস কনটেন্টসহ বিভিন্ন সংবেদনশীল ব্যক্তিগত তথ্য অবৈধভাবে বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসির বরাতে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

ডিএমপির তথ্যমতে, একটি ফেসবুক আইডি থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন গোপন ও সংবেদনশীল ব্যক্তিগত তথ্য বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম ফেসবুক আইডিটি শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে মগবাজার এলাকা থেকে অমিত পালকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। এ ছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাটে তথ্য বিক্রি ও লেনদেনের প্রমাণসংবলিত ৪০ পাতা স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

সিটিটিসির দাবি, গ্রেপ্তার অমিত পাল দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করে বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিক্রি, প্রতারণা এবং অবৈধ ই-ট্রানজেকশনের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

source: Asia Post

Back to top button