বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ বাড়াতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রেটো রেংগলি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে সুইস বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। উভয় পক্ষই একমত হয় যে, বাংলাদেশ-সুইজারল্যান্ড কূটনৈতিক সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হলো অর্থনৈতিক অংশীদারত্ব।
বাংলাদেশের কর্মশক্তির দক্ষতা বৃদ্ধিতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়।
রাজনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের নতুন দূতাবাসের কার্যক্রম পুরোদমে চালু হলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশা প্রকাশ করেন সুইস রাষ্ট্রদূত।
বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, বহুপক্ষীয়তাবাদ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার মতো অভিন্ন মূল্যবোধের প্রতি উভয় দেশ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এসব মূল্যবোধ সমুন্নত রাখতে আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামগুলোতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
এ ছাড়া বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সরকারের মানবিক উদারতার ভূয়সী প্রশংসা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় সুইজারল্যান্ড পাশে থাকবে বলেও জানান তিনি।
source: Asia Post







