News

সৌদি-হুতি সংঘাতে নিহত ৫, মক্কায় হামলার দাবি অস্বীকার

সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। হুতিরা মক্কার দিকে ড্রোন পাঠিয়েছিল— সৌদি আরবের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন হুতি নেতা আবদেল-মালেক আল-হুতি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানাচ্ছে— বৃহস্পতিবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফ গভর্নরেটে হুতিদের একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত ও দুজন আহত হন। সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নিহত ব্যক্তি দেশটিতে বসবাসকারী একজন ইয়েমেনি। হুতিদের সাম্প্রতিক হামলা জোরদার হওয়ার পর চলতি মাসে সৌদি আরবে এটিই প্রথম ঘোষিত মৃত্যুর ঘটনা।

অন্যদিকে হুতি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি যুদ্ধবিমান তিনটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছে। আবস শহরে ওই হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে দাবি করেছে তারা। পরে হুতি-সমর্থক গণমাধ্যমের প্রতিবেদনে সৌদি-সমর্থিত বাহিনীর হামলায় তিন শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার কথা বলা হয়। ‘সৌদি-সমর্থিত ভাড়াটে যোদ্ধা’ বলতে তারা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীকে বোঝায়।

এই পরিস্থিতিতে সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়েছে কুয়েত ও বাহরাইন। তায়েফে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে দুই দেশই। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনৌর এল আনৌনি হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।

মক্কায় হামলার দাবি অস্বীকার

সৌদি আরবের দাবি, হুতিরা মক্কার দিকে একটি ড্রোন পাঠিয়েছিল এবং সেটি প্রতিহত করে ধ্বংস করা হয়। তবে বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে হুতি নেতা আবদেল-মালেক আল-হুতি এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, এটি ‘জঘন্য মিথ্যা’। তাঁর দাবি, মক্কার পবিত্রতা ইয়েমেনের মানুষের কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ এবং পবিত্র শহরটিকে লক্ষ্য করে হামলার অভিযোগ ‘বড় ধরনের প্রচারণা’।

আল-হুতি আরও অভিযোগ করেন, হুতিদের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য পূরণে সৌদি আরব ‘মিথ্যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে’। সানা থেকে আল জাজিরার সাংবাদিক ইউসেফ মাওরি বলেন, হুতি নেতার ভাষণটি শুধু ইয়েমেনের মানুষের উদ্দেশে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও দেওয়া হয়েছে। ভাষণে আল-হুতি আরও দাবি করেন, এবারের সংঘাত সৌদি আরব শুরু করেছে এবং হুতি বাহিনী আত্মরক্ষামূলক অবস্থান থেকে অভিযান চালাচ্ছে।

এদিকে সৌদি-সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি দাবি করেছেন, তাইজ, মারিব, লাহিজ, আল-জাওফ, হাজ্জাহ, আল-বাইদা ও আল-দালেতে হুতি বাহিনী বড় ধরনের আঘাতের মুখে পড়েছে। ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি বলেন, লোহিত সাগর উপকূলে হুতিদের সাম্প্রতিক অগ্রগতি সাময়িক। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।

source: Rajneete

Back to top button