News

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানান।

সফরকালে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সফরের মূল লক্ষ্য বহুপক্ষীয় এই ফোরামে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা। সফরকালে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হতে পারে। তবে কোন নেতার সঙ্গে কখন বৈঠক হবে, তা আগাম নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, বড় আন্তর্জাতিক সম্মেলনে নেতাদের কর্মসূচিতে শেষ মুহূর্তেও পরিবর্তন আসে। প্রধানমন্ত্রীর সফরের সময় যেসব বৈঠক চূড়ান্ত হবে, সেগুলোর বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের বৈঠক হবে না এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বহুপক্ষীয় ফোরামে গিয়ে কারও সঙ্গে বৈঠক হবে না—এমন কথা তিনি বলেননি। যেখানে সুযোগ ও প্রয়োজন থাকবে, সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ ও বৈঠক হবে।

source: Asia Post

Back to top button